নিজস্ব প্রতিবেদক:
এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করা ৩৯টি কলেজকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। কলেজগুলোকে আগামি ১০ নভেম্বরের মধ্যে শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে বলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল সূত্রে জানা গেছে- শূন্য পাস করা ৩৯টি প্রতিষ্ঠানে মোট ১৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে একজনও উত্তীর্ণ হতে পারেননি। অন্যদিকে, শতভাগ পাস করা ৯টি প্রতিষ্ঠানে মোট ৩৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন।

শিক্ষা বোর্ডের একটি সূত্র জানায়- শূন্য থেকে ১০ শতাংশ ফলাফল প্রাপ্ত কলেজগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের থেকে কলেজগুলোর সবধরনের কাগজপত্র চাওয়া হয়েছে। কলেজ প্রধানরা স্বশরীরে শিক্ষা বোর্ডে এসে জবাব দেবেন। জবাব সন্তোষজনক না হলে পরবর্তিতে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে শিক্ষা বোর্ড।
শূন্য পাস করা ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-বগুড়ার গাবতলীর তসলিম উদ্দিন তারাফদার কলেজ। এই কলেজের ৪৬ জন পরীক্ষার্থী ছিল। এছাড়া নওগাঁর নিয়ামতপুরের শাংসইল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজে ১৫ জন, রাজাপুর বাট্টোলিহাট কলেজের ৮জন, মান্দা এসসি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের ৬ জন, নাটোরের গুরুদাসপুরের বঙ্গবন্ধু সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিএম ইনস্টিটিউটের ১২ জন, পাবনা সাঁথিয়ার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজে ১০ জন, চন্দর স্কুল অ্যান্ড কলেজের ৪ জন, নাটোর সদরের আবুল খায়ের কলেজের ৮ জন, জয়পুরহাট সদরের শালপাড়া আইডিয়াল কলেজের ৭ জন, রাজশাহী জেলার পুঠিয়ার বেলপুকুরিয়া উইমেন্স কলেজের ৫ জন, বাঘার তেঁতুলিয়া পিরগাছা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ অ্যান্ড ভোকেশনালের ৩ জন, বাগমারার পীরগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের ৩ জন, বোলশিং হাইস্কুল অ্যান্ড কলেজের ৩ জন, কাটিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজের ২ জন, রাজশাহী কমার্স কলেজের ১ জন পরীক্ষায় অংশ নেয়।
এছাড়া নাটোরের নলডাঙ্গার সাতার ভাগ স্কুল অ্যান্ড কলেজের ৫ জন, সদরের বেগম খালেদা জিয়া কলেজের ৪ জন, এম রুহুল কুদ্দুস তালুকদার কলেজের ৪ জন, লালপুরের রাধাকান্তপুর হাইস্কুল অ্যান্ড কলেজের ৪ জন, সিংড়ার আগপাড়া শেরকোল বন্দর স্কুল অ্যান্ড কলেজের ৪ জন, চাঁচকৈড় নজম উদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজের ৩ জন, মাঝগ্রাম হাইস্কুল অ্যান্ড কলেজের ৩ জন, সারকুটিয়া স্কুল অ্যান্ড কলেজের ২ জন, দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজের ২ জন, সিরাজগঞ্জের চাটিয়ানতলী মোরগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ৩ জন, বগুড়ার বাগবাড়ী মডেল মহিলা কলেজের ৩ জন, ধলার চর স্কুল অ্যান্ড কলেজের ২ জন, গোসাইবাড়ী উইমেন্স কলেজের ২ জন, দুর্গাপুর আইডিয়াল উইমেন্স কলেজের ২ জন, ভোলাহাট কলেজের একজন, নাটোরের হয়বতপুর মাল্টিল্যাটারাল হাইস্কুল অ্যান্ড কলেজের একজন, নওগাঁর হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের একজন, আরিফ মেমোরিয়াল কলেজের একজন, ঘোনা আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজের একজন, সিরাগঞ্জের এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের একজন, ছংগাছা উইমেন্স কলেজের একজন, রানীহাট আইডিয়াল কলেজের একজন, বগুড়ার আল্লামের তাকিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের একজন, জয়পুরহাটের মোলামগাড়ী আদর্শ কলেজের একজন পরীক্ষায় অংশ নেয়।
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরিন বলেন- শূন্য থেকে ১০ শতাংশ ফলাফল প্রাপ্ত কলেজগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা আসলে তাদেরকে নিয়ে আলোচনায় বসা হবে। এমন ফলাফলের বিষয়গুলো জানতে চাওয়া হবে। কলেজ প্রধানরা স্বশরীরে শিক্ষা বোর্ডে এসে জবাব দেবেন।
প্রসঙ্গত, রাজশাহী শিক্ষা বোর্ডে এবছর (২০২৬) এইচএসসিতে পাসের হার ৪৫ দশমিক ৬ শতাংশ। বোর্ডের ৮ জেলার ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬১ হাজার ৮৯৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন।









