সিল্কসিটিনিউজ ডেস্ক:
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। প্রিয় অভিনেতার বয়স, বাড়ির ঠিকানা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা বিষয় জানতে গুগলে সার্চ করেন তারা।
বলিউড বাদশাহ শাহরুখ খানকে নিয়েও এমন প্রশ্নের সংখ্যা কম নয়। ২০১৭ সালে এক সাক্ষাৎকারে অভিনেতা সিদ্ধান্ত নিয়েছিলেন, তাকে নিয়ে গুগলে সবচেয়ে বেশি খোঁজা প্রশ্নগুলোর উত্তর নিজেই দেবেন। সেই পর্বে একের পর এক প্রশ্নের জবাব দিতে গিয়েই সামনে আসে তার ব্যক্তিগত ফোন নম্বর জানার প্রসঙ্গ।
গুগলে বহু মানুষ যে শাহরুখের ফোন নম্বর খোঁজেন, তা শুনে মজার ছলে উত্তর দেন অভিনেতা।

তিনি বলেছিলেন, ‘আমার ফোন নম্বর ৫৫৫৯৯৬০৩২১। মাঝরাতের পর যখন খুশি ফোন করবেন। আমি ফোন ধরব। অথবা আমাকে মেসেজ করতে পারেন।
আমি ইমোজি দিয়ে উত্তর দেব।’
শাহরুখের এমন উত্তরে মিশে ছিল তার চেনা রসবোধ। তবে অভিনেতার দেওয়া নম্বরটি যে বাস্তবের ব্যক্তিগত ফোন নম্বর নয়, তা বলাই বাহুল্য। সাক্ষাৎকারে অনুরাগীদের সঙ্গে মজা করতেই এমন উত্তর দিয়েছিলেন তিনি। তাই ওই নম্বরে ফোন করে শাহরুখের সঙ্গে যোগাযোগের সুযোগ মিলবে, এমনটা ভাবার কারণ নেই।
শাহরুখকে ঘিরে ভক্তদের উন্মাদনা অবশ্য নতুন কিছু নয়। তার অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব, কথাবার্তা ও অসাধারণ রসবোধও বরাবরই দর্শকদের আকর্ষণ করে। নতুন সিনেমার ঘোষণা থেকে শুরু করে সাক্ষাৎকারের ছোট্ট মন্তব্য—তাঁকে ঘিরে যেকোনো খবরই মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
প্রতি বছর ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে মুম্বাইয়ের ‘মান্নাত’-এর সামনে জড়ো হন হাজারো অনুরাগী। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রিয় তারকাকে একনজর দেখার আশায়। বাড়ির বারান্দায় এসে চিরচেনা ভঙ্গিতে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন শাহরুখও। সেই মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। আর তাতেই যেন আরও একবার প্রমাণ হয়, পর্দার বাইরেও ভক্তদের হৃদয়ে কতটা জায়গা দখল করে আছেন বলিউডের এই বাদশাহ।









