সবশেষ
ছবিঘর

নিজের গুলিতেই আহত হয়ে হাসপাতালে ‘হিট’ নির্মাতা

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হ্যালোইনের দিন দুর্ঘটনার শিকার হয়েছেন হলিউডের প্রখ্যাত পরিচালক মাইকেল মান। অনুশীলনের সময় অসাবধানতাবশত নিজের পায়েই গুলি করেন ‘হিট’খ্যাত এই নির্মাতা।

পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
দ্য স্টেটসম্যানের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) বিকেলে লস অ্যাঞ্জেলেসের একটি শুটিং রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে। সেখানে অনুশীলন করার সময় হঠাৎ গুলি ছুটে তার পায়ে লাগে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জরুরি পরিষেবার কর্মীরা। পরে অ্যাম্বুল্যান্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।
মাইকেল মানের প্রতিনিধির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় পরিচালক সামান্য আহত হয়েছেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগও ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে নিশ্চিত করেছে। প্রাথমিক তদন্তে গুলিবর্ষণের ঘটনাটি অনিচ্ছাকৃত বলে জানা গেছে।
হলিউডে অপরাধ ও থ্রিলারধর্মী চলচ্চিত্র নির্মাণে বিশেষ খ্যাতি রয়েছে মাইকেল মানের। ‘থিফ’ (১৯৮১), ‘হিট’ (১৯৯৫), ‘দ্য ইনসাইডার’ (১৯৯৯), ‘আলি’ (২০০১), ‘কল্যাটারাল’ (২০০৪) এবং ‘মিয়ামি ভাইস’ (২০০৬)-এর মতো সিনেমা নির্মাণের মধ্য দিয়ে নিজের স্বতন্ত্র পরিচালনাশৈলী প্রতিষ্ঠা করেছেন তিনি। বিশেষ করে অপরাধজগত, অপরাধীদের মনস্তত্ত্ব ও বাস্তবধর্মী অ্যাকশন দৃশ্যের উপস্থাপনায় তার নির্মাণশৈলী প্রশংসিত হয়েছে।

এদিকে, বর্তমানে নিজের জনপ্রিয় সিনেমা ‘হিট’-এর সিক্যুয়াল ‘হিট ২’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন এই পরিচালক। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী বছরের শুরুতেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। দুর্ঘটনার পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় আপাতত স্বস্তিতে নির্মাতার অনুরাগীরা।