জাহিদ, ওয়াশিংটন ডিসি :
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ওয়াশিংটন ডিসি এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ ড. শাহ হোসাইন আহমদ মেহেদীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ওয়াশিংটনে আয়োজিত এক সংক্ষিপ্ত ও আনন্দঘন অনুষ্ঠানে সংগঠনটির সদস্যরা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষকের সঙ্গে ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করেন। দীর্ঘদিন পর প্রবাসের মাটিতে প্রিয় শিক্ষককে কাছে পেয়ে তাঁরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অধ্যাপক ড. শাহ হোসাইন আহমদ মেহেদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি প্রবাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ঐতিহ্যের বন্ধন অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত রাবিয়ানদের পক্ষ থেকে অধ্যাপক ড. মেহেদীর হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে প্রবাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি ও প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জহরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিমা আজমল (রক্সি), মঞ্জুরুল আলম, এস এম জাহিদূর রহমান, ডা. হাকিম ও হযরত আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মির্জা গালিব।









