রাজশাহী

নাঈমের ২৮২, ঢাকার ৫২১ রানের পাহাড়

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০২৬৩ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

ত্রিপল সেঞ্চুরি থেকে মাত্র ১৮ রান দূরে থামলেন ঢাকা বিভাগের বাঁহাতি উদ্বোধনী ব্যাটার নাঈম শেখ। তাঁর ২৮২ রানের দুর্দান্ত ইনিংস এবং অধিনায়ক মহিদুল ইসলাম অঙ্কনের ১৬৫ রানের সুবাদে রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ৫২১ রানের বিশাল সংগ্রহ গড়েছে ঢাকা বিভাগ।

শনিবার (২৫ অক্টোবর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ পর্বের ম্যাচের দ্বিতীয় দিনে ১৩৪.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করে ঢাকা। দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে রাজশাহী। দিন শেষে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১০৩ রান।

দিনের শুরুতে ১৭১ রানে অপরাজিত থাকা নাঈম শেখ ও ৬৮ রানে অপরাজিত অধিনায়ক অঙ্কন ব্যাটিংয়ে নামেন। দুজনের ব্যাটে লাঞ্চের আগে কোনো উইকেট হারায়নি ঢাকা। নাঈম ৩০১ বলে ৫টি ছক্কা ও ১২টি চারের সাহায্যে ২১৭ রান করেন। অন্যদিকে অঙ্কন ২৫৯ বলে ১৪১ রান করে অপরাজিত থাকেন।

ব্যক্তিগত ৮৫ রানে সানজামুল ইসলাম নয়নকে টানা তিনটি ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন অঙ্কন। পরে শফিউলকে বাউন্ডারি মেরে ১৯৬ রান থেকে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন নাঈম। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৩০৮ রান।

লাঞ্চের পরও ব্যাট হাতে দাপট অব্যাহত রাখেন দুই ব্যাটার। দলীয় ৪৫১ রানে ব্যক্তিগত ১৬৫ রান করে অহিনের বলে শফিকুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অঙ্কন। নাঈমের সঙ্গে তাঁর জুটিতে জমা হয় ৩৬৩ রান।

এরপর নাঈমকে সঙ্গ দিতে আসা তাইবুর ১২ রান করে ওয়াসির বলে শোহানের হাতে ক্যাচ দেন। শেষ পর্যন্ত ব্যক্তিগত ২৮২ রানে অহিনের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন নাঈম। ত্রিপল সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থামে তাঁর দুর্দান্ত ইনিংস। নাঈমের বিদায়ের পর ঢাকার অন্য ব্যাটাররা উল্লেখযোগ্য রান করতে পারেননি।

রাজশাহীর বোলারদের মধ্যে ওয়াসি ১১২ রান দিয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন। পায়েল ৭৪ রান দিয়ে ২টি এবং রহিম ৪০ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। এ ছাড়া সানজামুল ও অহিন একটি করে উইকেট নেন।

৫২২ রানের লক্ষ্যে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে রাজশাহী। ঢাকার পেসার সুমনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১০ রানে সাজঘরে ফেরেন রাজশাহীর প্রথম তিন ব্যাটার। হাবিবুর রহমান সোহান ২, সাব্বির হোসেন ২ এবং অধিনায়ক প্রীতম কুমার ৪ রান করে আউট হন।

এরপর নাঈম আহমেদ ও সাব্বির রহমান মিলে ৮০ রানের জুটি গড়ে দলকে কিছুটা বিপদমুক্ত করার চেষ্টা করেন। তবে ব্যক্তিগত ৩০ রানে নাঈম আহমেদ আউট হলে আবারও চাপে পড়ে রাজশাহী। পরে ব্যক্তিগত ৫৪ রানে সাব্বির রহমানও ফিরলে রাজশাহীর বিপদ আরও বাড়ে।

দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছে রাজশাহী। ফলোঅন এড়াতে তাদের আরও ১৬৬ রান করতে হবে। ঢাকার বোলারদের মধ্যে সুমন ২৫ রান দিয়ে ৩টি এবং তাইবুর ৫ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। আমিনুল পেয়েছেন একটি উইকেট।