নাটোর

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১১

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:


নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। এরআগে ঘটনাস্থলেই নয় জনের মৃত্যু হয়। আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এদেরমধ্যে আটজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আরও  অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।  মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এই দুর্ঘটনায় ১১ জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে- মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার সময় বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়ার নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। পুলিশ জানায়- বরিশালের বগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের বাসটি ভোরে বড়াইগ্রাম এলাকায় পৌছালে পাবনাগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে নয়জনের মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে এসে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান- ঘটনাস্থলে নয়জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। দুর্ঘটনার কারণ হিসেবে তিনি বলেন- যেহেতু ভোর ছিল, চালক হয়তো ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। যেহেতু অনেকেই গুরুত্বর আহত মৃতের সংখ্যা বাড়তে পারে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। আহত ও নিয়হতের পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন।