সিল্কসিটিনিউজ ডেস্ক:
সোবহানা মোস্তারির দুর্দান্ত সেঞ্চুরি কোনো কাজে এল না। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ নারী দলকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া নারী দল।
বাংলাদেশের ২২০ রানের জবাবে ১৩১ বল হাতে রেখে লক্ষ্য টপকে গেল স্বাগতিকেরা।
ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

সেখান থেকে দলকে টেনে তোলেন সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
চতুর্থ উইকেটে দুজন গড়েন ১৯৫ রানের দুর্দান্ত জুটি, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে যেকোনো উইকেটে সর্বোচ্চ।
ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেয়েছেন সোবহানা মোস্তারি। ছবি: সংগৃহীত
সোবহানা ১৩৪ বলে ১১৮ রান করেন, মারেন ১৮টি চার। এটি তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি।
অন্য প্রান্তে নিগার ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। তাদের ব্যাটে ভর করে ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রান করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মেগান শুট ৩৬ রানে নেন ৪ উইকেট।
জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে জর্জিয়া ভল ও ফোবি লিচফিল্ড যোগ করেন ১৬২ রান।
লিচফিল্ড ৫১ বলে ৭০ রান করে ফিরলেও ভোলকে থামানো যায়নি। তিনি ৯৭ বলে ১৩১ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১৯টি চার। এলিসি পেরিকে সঙ্গে নিয়ে ২৮.১ ওভারেই অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেন ভোল।
তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। আগামী ১৪ অক্টোবর একই মাঠে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দুই দল।










