সিল্কসিটিনিউজ ডেস্ক:
ক্যাম্প ন্যুতে ফিরেও লম্বা সময়ের জন্য স্থায়ী হতে পারছে না বার্সেলোনা। সংস্কারকাজের শেষ ধাপ, বিশেষ করে স্টেডিয়ামের ছাদ নির্মাণের জন্য আবারো ঘরের মাঠ ছাড়তে হবে কাতালান ক্লাবটিকে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭-২৮ মৌসুমের প্রথমার্ধ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে খেলবে বার্সা। সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের জানুয়ারিতে আবারো ক্যাম্প ন্যুতে ফিরবে দলটি। অর্থাৎ প্রায় ৬ মাস ঘরছাড়া থাকতে হবে তাদের।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ক্যাম্প ন্যুর ছাদ নির্মাণ সম্পন্ন করতে ২০২৭ সালের গ্রীষ্মে বড় পরিসরে কাজ শুরু করার পরিকল্পনা আছে।
এ সময় মাঠে খেলা চালিয়ে যাওয়া কঠিন হওয়ায় সাময়িকভাবে এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে যেতে হবে।
বার্সেলোনার সহ-সভাপতি ফেরান অলিভে ক্লাবের সাধারণ সভায় জানান, ২০২৭-২৮ মৌসুমের প্রথমার্ধে দলটি অলিম্পিক স্টেডিয়ামে খেলবে। ক্লাবের বাজেটে ক্যাম্প ন্যুতে ফেরার সময় হিসেবে ২০২৮ সালের জানুয়ারিকে ধরা হয়েছে।
এদিকে, ক্যাম্প ন্যুর সংস্কারকাজের ব্যয় ও সময়—দুটিই বেড়েছে।
২০২৩ সালে শুরু হওয়া প্রকল্পটি ২০২৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখন কাজ গড়িয়েছে ২০২৮-২৯ মৌসুম পর্যন্ত। পুরোপুরি সংস্কার শেষে স্টেডিয়ামটির ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৫ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তবে জানুয়ারিতে মাঠে ফেরা আর সব নির্মাণকাজ শেষ হওয়া এক বিষয় নয়। তাই বার্সেলোনা নির্ধারিত সময়ে ফিরতে পারলেও স্টেডিয়ামের কিছু কাজ তখনো চলতে পারে।
এর আগে ক্যাম্প ন্যুর সংস্কারকাজের জন্য ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ২৭ মাস এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে খেলেছে বার্সা।
এই স্টেডিয়াম বার্সেলোনা শহরের মনজুইক পাহাড়ে অবস্থিত।










