সদ্য প্রকাশিত
খেলা

হাসানকে হারানোয় মন খারাপ কেন্টের

নিউজ ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া
হাসানকে হারানোয় মন খারাপ কেন্টের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অভিষেকে বাজিমাত করেছেন হাসান মাহমুদ। কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথমবার খেলার সুযোগ পেয়েই অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন বাংলাদেশি পেসার।

যেন ‘ভিনি ভিডি ভিসি’। এলাম, দেখলাম, জয় করলাম।
এমন একজনকে টুর্নামেন্টের শেষ পর্যন্ত চাইবে যে কেউই। কেন্টের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়।

তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ২ থেকে ডিভিশন ১-এ উন্নতি হওয়ার লড়াইয়ের শেষটা হাসানকে পাচ্ছে না কেন্ট। কেন্টের হয়ে টুর্নামেন্টের শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশি পেসার।
এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতিকে সামনে রেখে হাসানকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেন্টের হয়ে বাকি ম্যাচগুলো খেলার অনাপত্তিপত্র দিলেও তাই সিদ্ধান্তে পরিবর্তন এনেছে বিসিবি।

বিসিবির এমন সিদ্ধান্তে মন খারাপ কেন্টের।

হতাশ হলেও বিসিবির সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছে কেন্ট। এক বিবৃতিতে কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক লিখেছেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষের ম্যাচগুলোয় হাসানকে না পাওয়াটা আমাদের জন্য হতাশার। তবে গঠনমূলক আলোচনার পর বিসিবির সিদ্ধান্তকে আমরা সম্মান করি এবং তার জন্য শুভকামনা রইল। যদিও হাসানের অনুপস্থিতি আমাদের জন্য বড় ক্ষতির।

শেষ দুটি ম্যাচে অবশ্য যাবে আমাদের অন্য দুই বিদেশি পেসার কিথ ডাজন এবং খালেদ আহমেদকে।’
কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ খেলেছেন হাসান। উইকেট নিয়েছে ২৬টি। তার খেলা সর্বশেষ ম্যাচেই শুধু হেরেছে কেন্ট। এ ছাড়া দলটির হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন ২৬ বছর বয়সী পেসার। তার জন্য সব সময় দলের দরজা খোলা জানিয়ে বিবৃতি আরো লিখেছে, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি ব্লাস্ট মিলিয়ে ৭ ম্যাচে ৩০ উইকেট নেওয়া হাসানকে তার অবদানের জন্য ক্লাবের সবাই ধন্যবাদ জানাচ্ছে। কেন্টে তাকে সবসময় স্বাগত জানানো হবে।’

হাসানকে দেশে ফেরানোর ব্যাখ্যায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইন-চার্জ শাহরিয়ার নাফীস বলেছেন, ‘সামনে আমাদের প্রচুর খেলা আছে। ওকে যখন অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল, তখনও মূলত আমাদের টেস্ট দলের ভাবনায় ছিল সে। কিন্তু সামনে এশিয়া গেমসে সে খেলবে। আরো অনেক খেলা আছে এরপর। সব দিক বিবেচনায় নিয়ে আমাদের মনে হয়েছে, তার ওয়ার্কলোড বেশি হয়ে যাচ্ছে। দেশে ফিরে কিছুটা বিশ্রাম নেওয়া এবং ফিটনেস ও বোলিং নিয়ে কাজ করা প্রয়োজন তার।’

খালেদের শুরুটা ভালো হয়েছে। কেন্টের হয়ে প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার।