সদ্য প্রকাশিত
খেলা

সূর্যবংশী, অভিষেক, স্যামসনের মধ্যে কোন দুজন? একাদশ বাছাই নিয়ে ‘মধুর সমস্যায়’ ভারত

নিউজ ডেস্ক১২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া
সূর্যবংশী, অভিষেক, স্যামসনের মধ্যে কোন দুজন? একাদশ বাছাই নিয়ে ‘মধুর সমস্যায়’ ভারত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খেলা ভারতের রাজধানী দিল্লিতে, কিন্তু আয়োজক আফগানিস্তান!

আগামীকাল শুরু হচ্ছে এমন এক অদ্ভূত টি-টোয়েন্টি সিরিজ। তবে সিরিজের আগে ভারতের সবচেয়ে বড় আলোচনার বিষয় মাঠের লড়াই নয়, বরং একাদশ নির্বাচন।

বিশেষ করে ওপেনিংয়ে তিনজনের মধ্যে কাকে বাদ দেওয়া হবে—এটাই অধিনায়ক শ্রেয়াস আইয়ারের জন্য হয়ে উঠেছে ‘মধুর সমস্যা’।
ওপেনিংয়ের দৌড়ে আছেন বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। প্রথম দুজন দারুণ ছন্দে আছেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টসেরা হয়েছিলেন স্যামসন।

জিম্বাবুয়ে সফরে সিরিজসেরা হন ১৫ বছর বয়সী সূর্যবংশী। তবে অভিষেক শর্মা সর্বশেষ চার ম্যাচে দুই অঙ্ক ছুঁতে পারেননি। তবু তার ওপর আস্থা রেখে টিম ম্যানেজমেন্ট।
তাই তিনজনের মধ্যে দুজনকে বেছে নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হবে আইয়ারকে।

একই সঙ্গে অধিনায়ক হিসেবে নিজের ব্যাটিংয়েও প্রভাব রাখার সুযোগ খুঁজবেন তিনি।
টি-টোয়েন্টি অধিনায়কত্বের শুরুটা অবশ্য আইয়ারের জন্য সুখকর হয়নি। তার নেতৃত্বে আয়ারল্যান্ডের পর ইংল্যান্ড সফরেও সিরিজ হেরেছে ভারত। তবে জিম্বাবুয়েকে ধবলধোলাই করে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে।

এবার আইয়ারের সামনে আফগানিস্তান চ্যালেঞ্জ।

আন্তর্জাতিক ক্রিকেটে এখনো ভারতকে হারাতে পারেনি তারা। তবে এবার ভারতকে চমকে দিতে চাইবে তারা। রশিদ খানের নেতৃত্বে বোলিং আক্রমণে থাকবেন ফজলহক ফারুকি, মুজিব উর রহমান, মোহাম্মদ নবী, নুর আহমেদ ও আজমতউল্লাহ ওমরজাই। চোট কাটিয়ে ফিরেছেন নাভিন-উল-হকও।
এদিকে ভারতীয় দলে ফিরেছেন যশপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী। চোটের কারণে নেই হার্দিক পান্ডিয়া ও হর্ষিত রানা। ফলে আট নম্বর জায়গা নিয়েও ভাবতে হবে ভারতকে। বিশেষজ্ঞ বোলার নাকি ব্যাটিং অলরাউন্ডার—কাকে খেলানো হবে?

সম্ভাব্য একাদশে ওপেনিংয়ে তিনজনের মধ্যে দুজনের সঙ্গে তিন নম্বরে উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান, এরপর আইয়ার, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও নীতীশ কুমার রেড্ডি। বোলিংয়ে থাকবেন অর্শদীপ সিং, বুমরাহ ও বরুণ।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস টেন ৫।