সদ্য প্রকাশিত
খেলা

ইউএস ওপেনে ‘কোর্টে গাঁজার গন্ধ’, খেলা থামিয়ে সাবালেংকার নালিশ

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া
ইউএস ওপেনে ‘কোর্টে গাঁজার গন্ধ’, খেলা থামিয়ে সাবালেংকার নালিশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউএস ওপেনের সার্ভিস লাইন থেকে এক জোরালো শট নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ টেনিস তারকা আরিনা সাবালেংকা। কিন্তু আচমকাই থমকে দাঁড়াতে হলো তাকে।

চারপাশ থেকে ভেসে আসা এক বিদঘুটে ও তীব্র গন্ধ নাকে আসতেই র‍্যাকেট উঁচিয়ে অভিযোগ নিয়ে ছুটে গেলেন চেয়ার আম্পায়ারের দিকে। বেলারুশের এই টেনিস তারকার সুনির্দিষ্ট অভিযোগ—ভেসে আসছে গাঁজার তীব্র গন্ধ!
শুক্রবার লুই আর্মস্ট্রং স্টেডিয়ামে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিলেন বেলারুশ তারকা সাবালেংকা ও উজবেকিস্তানের কামিলা রাখিমোভা। ম্যাচের শুরুতেই দুর্দান্ত ফর্মে ৩-০ গেমে এগিয়ে যান সাবালেংকা। তবে দ্বিতীয় সার্ভিস গেমে ৩০-০ পয়েন্টে এগিয়ে থাকার সময় হঠাৎই গন্ধে বিরক্ত হয়ে তিনি আম্পায়ার ইভা আসদেরাকি-মুরকে বলেন, ‘এখানে কেউ যেন গাঁজা টানছে।

আপনি কি একটু ব্যবস্থা নেবেন? গন্ধটা ভীষণ তীব্র!’
ম্যাচে অবশ্য দুই সরাসরি সেটে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন এই শীর্ষ বাছাই। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গাঁজার গন্ধের সেই ‘অস্বাভাবিক’ অভিজ্ঞতার কথা উঠতেই হেসে ফেলেন সাবালেংকা। তিনি বলেন, ‘আপনারা যত খুশি আনন্দ করতে পারেন, যা ইচ্ছা ধূমপান করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু দয়া করে টেনিস কোর্টের আশপাশে এসব করবেন না।

কোর্টে সেরা পারফর্ম করার সময় এমন তীব্র গন্ধ সামলানো সত্যিই খুব কঠিন।’
দর্শকরা তার ম্যাচ আরও উপভোগ করতেই হয়তো এমন কিছু করছেন–এমন প্রশ্নে মজা করে উত্তর দেন তিনি, ‘হয়তো (আমার খেলা) খুব দ্রুতগতির, তাই তারা একটু ধীর করতে চাইছে। কে জানে! এর প্রভাব কী, আমি জানি না।’

ফ্লাশিং মিডোসের গ্যালারিতে গাঁজার গন্ধ পাওয়া অবশ্য ইউএস ওপেনে নতুন কিছু নয়। ইতিপূর্বেও অনেক তারকা খেলোয়াড় এই নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন।

টুর্নামেন্ট কমপ্লেক্সের ভেতরে সব ধরনের ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ হলেও, নিউইয়র্ক রাজ্যে ২১ বছরের বেশি বয়সীদের জন্য বিনোদনমূলক গাঁজা সেবন আইনিভাবে বৈধ। ফলে স্টেডিয়ামের পাশেই থাকা পার্ক থেকে বাতাসের টানে এই ধোঁয়া কোর্টে ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে।