সদ্য প্রকাশিত
খেলা

পাকিস্তানের ‘মাথা বিগড়ে দেওয়া’ সাক্ষাৎকারে যা বলেছেন ইমরানের ছেলেরা

নিউজ ডেস্ক২৮ আগস্ট ২০২৬২ মিনিট পড়া
পাকিস্তানের ‘মাথা বিগড়ে দেওয়া’ সাক্ষাৎকারে যা বলেছেন ইমরানের ছেলেরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পিসিবি ও পাকিস্তান সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেই লর্ডস টেস্টের প্রথম দিনে সম্প্রচারিত হলো দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলের বিস্ফোরক সাক্ষাৎকার। সাবেক ইংলিশ অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল আথারটনকে দেওয়া ১৮ মিনিটের এই সাক্ষাৎকারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে নিজেদের জমিয়ে রাখা ক্ষোভ ও আতঙ্ক উগড়ে দিয়েছেন ইমরানের দুই সন্তান সুলেইমান খান ও কাশিম খান।

তারা জানিয়েছেন, জেলখানায় তাদের বাবাকে পরিকল্পিতভাবে ‘হত্যা’ করার চক্রান্ত চালাচ্ছে শেহবাজ শরিফ সরকার!
ইমরানের সুচিকিৎসা ও মানবিক আচরণের দাবি জানিয়ে ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দুটি চিঠি দিয়েছেন আথারটনসহ বিশ্বের খ্যাতনামা সাবেক অধিনায়করা। সেই উদ্বেগের আগুনে ঘি ঢেলে সাক্ষাৎকারে ছোট ছেলে কাশিম খান বলেন, ‘কোনো নীতি-নৈতিকতার বালাই নেই। খুব স্পষ্ট বোঝা যাচ্ছে তারা কী চাইছে—বাবাকে জেলের ভেতর তিলে তিলে মেরে ফেলতে চায়। যতটুকু সম্ভব তাকে আটকে রেখে তার মুখ বন্ধ করে দেওয়াই মূল লক্ষ্য।

’
কঠিন মুহূর্তেও শান্ত থাকা মানুষটির বর্তমান মানসিক অবস্থা শোচনীয় এবং সঠিক চিকিৎসা দরকার বলে মনে করেন কাসিম। তিনি বলেন, ‘এই মুহূর্তে তার সঠিক চিকিৎসা পাওয়াটা আমাদের জন্য সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার চোখের সমস্যার কারণে চোখে প্যাচ লাগানো ছিল, তাকে দৃশ্যতই মানসিক চাপে মনে হচ্ছিল। বিষয়টি আমাদের জন্য মেনে নেওয়া খুব কঠিন, কারণ আমরা যতবারই তাকে দেখেছি, এমনকি বন্দুকের মুখোমুখি হওয়ার সময়ও, তিনি সবসময় খুব শান্ত ও আত্মবিশ্বাসী একজন মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন।

একবার আমরা যে গাড়িতে ছিলাম, সেটি ছিনতাই হয়েছিল। তখনো গাড়ির ছিনতাইকারীদের মধ্যেও সবচেয়ে শান্ত মানুষটি ছিল সে।’
বাবার শারীরিক পরীক্ষা নিয়ে সরকার কীভাবে নাটক সাজিয়েছে, তা তুলে ধরে বড় ছেলে সুলেইমান খান বলেন, “আমাদের আশঙ্কাই সত্যি হয়েছে। বাবাকে কোনো স্বাধীন প্রাইভেট হাসপাতালে না নিয়ে একটি সরকারি হাসপাতালে মাত্র কয়েক ঘণ্টার জন্য নেওয়া হয়। সরকারি ডাক্তাররা ‘সব ঠিক আছে’ বলেই বাবাকে তড়িঘড়ি আবার কারাগারে ফেরত পাঠিয়ে দেন।

শাফা হাসপাতালে সব ডাক্তার ও আমাদের ফুপু (যিনি নিজে একজন চিকিৎসক) অপেক্ষা করছিলেন, কিন্তু কাউকে দেখতেই দেওয়া হয়নি।”
এমনকি নানা আইনি বিধিনিষেধের দোহাই দিয়ে সুলেইমান ও কাশিমকে পাকিস্তানে যাওয়ার ভিসাও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়।

এদিকে সাক্ষাৎকারটি সম্প্রচারের খবর ছড়িয়ে পড়তেই লন্ডনে চরম উত্তাপ ছড়ায়। রিপোর্ট অনুযায়ী, লাঞ্চের পর প্রতিবাদ হিসেবে মাঠে নামতেই অস্বীকৃতি জানিয়েছিল পাকিস্তান দল! পরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) মধ্যস্থতায় ক্ষুব্ধ পিসিবি কর্তাদের বুঝিয়ে শান মাসুদদের মাঠে নামানো হয়।