পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় হাটে চিংড়িতে ক্ষতিকর জেলি মিশিয়ে বিক্রির দায়ে আরিফুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় জব্দকৃত ৮ কেজি জেলি মিশ্রিত চিংড়ি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঝলমলিয়া হাটে এ অভিযান পরিচালনা করেন- পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ। দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম ঝলমলিয়া এলাকার মৃত জলিল মণ্ডলের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, অসৎ উপায়ে ওজন বাড়াতে চিংড়ি মাছে জেলি পুশ করে বিক্রি করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে অর্থদণ্ড দেওয়া হয়।
এরআগে বুধবার (১৯ আগষ্ট) দুপুরে পুঠিয়ায় চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, ভেজাল ও অনিরাপদ খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। সর্বসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যে ভেজাল রোধে ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সাধারণ ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।










