রাজশাহী

পুঠিয়ায় অবৈধ সার মজুদে ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:


‎রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারে অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

‎অভিযান চলাকালে অনুমোদনবিহীনভাবে সার মজুত করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধভাবে মজুত করা ৩৪ বস্তা টিএসপি ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
পরে এসব সার সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হয় বলে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।
‎অভিযান প্রত্যক্ষ করা স্থানীয় কয়েকজন কৃষক ও ব্যবসায়ী জানান, বাজারে সার নিয়ে অনিয়ম ও কৃত্রিম সংকট তৈরি হলে সাধারণ কৃষকদের বেশি দামে সার কিনতে হয়। প্রশাসনের এমন অভিযান নিয়মিত পরিচালিত হলে অবৈধভাবে সার মজুত ও অতিরিক্ত দামে বিক্রির প্রবণতা কমবে বলে তারা মনে করেন।
‎একজন স্থানীয় কৃষক রফিকুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত দামে সার পাওয়া গেলে কৃষকদের জন্য অনেক সুবিধা হয়। কেউ যেন সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেদিকে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো দরকার।
‎আরেক প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী বলেন, অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে অভিযান হলে বাজারে স্বচ্ছতা থাকে। এতে বৈধ ব্যবসায়ীরাও সঠিকভাবে ব্যবসা করার সুযোগ পান এবং কৃষকরাও ন্যায্য দামে সার কিনতে পারেন।
‎পুঠিয়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও অবৈধ মজুত ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।