সিল্কসিটিনিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী আওয়ামী লীগের ‘সব বৈশিষ্ট্য’ অর্জন করেছে। তার দাবি, জামায়াত-শিবির এখন ‘জালিম সংগঠনে’ পরিণত হয়েছে।
ভবিষ্যতে ক্ষমতায় গেলে ভিন্নমতের প্রতি ন্যূনতম স্পেসও দেবে না।

এক বিবৃতিতে রাশেদ খান বলেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করার পর জামায়াত-শিবির দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ‘পেশিশক্তির মহড়া’ দিয়েছে। অতীতে বিরোধী দলগুলোকে মজলুম ও বিনয়ী হিসেবে দেখা গেলেও বর্তমানে জামায়াতের আচরণে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
তিনি বলেন, পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে, জামায়াত-শিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণতি হয়েছে।
কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করে আজকে আবার দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পেশিশক্তির মহড়া দিয়েছে জামায়াত-শিবির। অতীতে আমরা বিরোধী দলকে সব সময় মজলুম ও বিনয়ী হিসেবে দেখেছি। কিন্তু প্রধান বিরোধী দল হয়েই আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত।
‘এরা ভবিষ্যতে ক্ষমতায় গেলে ভিন্নমতকে ন্যূনতম স্পেস দেবে না।
গণঅধিকার পরিষদকে ধন্যবাদ জানাই এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। বিশেষ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে ধন্যবাদ জানাই, তারা গণঅধিকার পরিষদকে যারা জামায়াতমুখী করতে চেয়েছিল, সেসব নেতার বিষয়ে সতর্কতা অবলম্বন করছে। জামায়াত-শিবির কতটা ভয়ংকর এখন অন্তত গণঅধিকার পরিষদ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুঝতে পেরেছে এবং এর পরিপ্রেক্ষিতে সারা দেশে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে সাধুবাদ জানাই।’
সবশেষ রাশেদ খান আশা প্রকাশ করে বলেন, গণঅধিকার পরিষদের আর কেউ টক শো কিংবা বক্তব্যে আর কখনো জামায়াতি বয়ান দেবে না। দল হিসেবে জামায়াত ও তাদের সেক্রেটারি জেনারেল গণঅধিকার পরিষদকে নিয়ে আজকে যে জঘন্য বক্তব্য দিয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই।
এই দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদের পতনে দল হিসেবে জামায়াতের তুলনায় গণঅধিকার পরিষদের অবদান বেশি। জামায়াত যখন গুপ্ত ছিল, গণঅধিকার পরিষদ তখন রাজপথে ছিল। কিন্তু আজকে তাদের আস্ফালন দেখে মনে হচ্ছে, তারাই সব করেছে! কিন্তু ইতিহাস তো বদলানো যায় না।










