সিল্কসিটিনিউজ ডেস্ক:

গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে মাত্র ২ উইকেট হারিয়ে ২৮৮ রান তুলে ফেলেছে ভারত। আজ খেলা হয়েছে ৭৩ ওভার। মধ্যাহ্ন বিরতির পর বৃষ্টির কারণে এক ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ ছিল। নয়তো আরো বেশি রান তুলতে পারত সফরকারীরা।
শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ শুরুর আগে চোটের কারণে ছিটকে যান সাই সুদর্শন।
সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দিলেন তিনি। প্রথম টেস্টে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে হাঁকালেন সেঞ্চুরি। অভিষেকের দুই বছর পরে টেস্ট ক্যারিয়ারের প্রথম শতরান পেলেন তিনি।
গলে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক শুভমান গিল। ম্যাচের শুরুতে স্কোর কার্ডে অর্ধশত যুক্ত হওয়ার আগেই বিদায় নেয় ওপেনার যশস্বী জয়সওয়াল। এরপর ব্যাটিংয়ে নামে পাডিক্কল। পেস ও স্পিন—দুই ধরনের বোলিংয়েই আত্মবিশ্বাসী দেখিয়ে ব্যাকফুট ও ফ্রন্টফুটে শট বেছে নিয়েছেন। প্রথম দিনের ব্যাটিং সহায়ক উইকেটে কখনোই তাঁকে তাড়াহুড়া করতে দেখা যায়নি। ৮১ বলে হাঁফ সেঞ্চুরি পূর্ণ করেন দেবদত্ত।
টি-ব্রেকের পরে চোট পেয়ে ড্রেসিংরুমে ফেরেন রাহুল। ততক্ষণে রাহুলের সঙ্গে ১৫০ রানের জুটি গড়ে ফেলেছেন দেবদত্ত। ব্যাটিং করছিলেন ৮৪ রানে। তবে রাহুল ফিরলেও রানের গতি কমতে দেননি পাডিক্কল। গিলকে সঙ্গে নিয়ে খেলে যান। অবশেষে ৫৭তম ওভারে নুয়ান্থার বলে সিঙ্গল নিয়ে শতরানে পৌঁছে যান দেবদত্ত। ১৩৪ বলে পূর্ণ করেন সেঞ্চুরি।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে স্বাধীনতা দিবসে সেঞ্চুরি করলেন দেবদত্ত। এর আগে কোনো ভারতীয় ক্রিকেটার ১৫ অগস্ট সেঞ্চুরি করতে পারেননি। এর পাশাপাশি কাটালেন দুই বছরের খরা। ২০২৪ সালে শুভমান গিলের পরে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে কোনো টেস্ট ম্যাচে তিন নম্বরে নেমে শতরান করলেন পাডিক্কল।
ভাগ বসালেন আরো একটি নজিরে। একবিংশ শতাব্দীতে ভারতের হয়ে টেস্টে তিন নম্বরে নেমে সেঞ্চুরি করা দ্বিতীয় বাঁহাতি ব্যাটার পাডিক্কল। এত দিন এই কৃতিত্ব ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দখলে।










