জাতীয়

জেলের জালে ২২ কেজির ধাতিনা ভোল, বিক্রি সাড়ে ৩ লাখে

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি ধাতিনা ভোল মাছ। পরে মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলাদারের আড়তে মাছটি বিক্রি হয়। প্রতি কেজি ১৬ হাজার ১৩৬ টাকা দরে মাছটি কিনে নেন ব্যবসায়ী হারুন মীর।

জেলেরা জানান, গতকাল বুধবার বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের জেলে ইলিয়াছ হোসেনের মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারে থাকা জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

ইলিয়াছ হোসেন বলেন, ‘সাগরের আবহাওয়া খারাপ থাকায় ইলিশ তেমন মিলছিল না।

বাড়ি ফেরার আগের রাতে জাল ফেললে ২২ কেজি ওজনের ধাতিনা ভোল মাছটি ধরা পড়ে।’
মাছটির ক্রেতা হারুন মীর জানান, ধাতিনা ভোলের বাজারদর তুলনামূলক বেশি। ২২ কেজির মাছটি তিনি ৩ লাখ ৫৫ হাজার টাকায় কিনেছেন। বরফ দিয়ে মাছটি বড় মোকামে নেবেন।

পরে চট্টগ্রামে পাঠানো হবে। সেখানে বিক্রি করে প্রায় ৫০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি।
বাগেরহাট কেবি বাজার আড়ততদার সমিতির সভাপতি আবেদ আলী বলেন, দীর্ঘদিন পর ২২ কেজি ওজনের একটি ধাতিনা ভোল ধরা পড়েছে। মাছটি সাড়ে তিন লাখ টাকার বেশি দামে বিক্রি হয়েছে। ধাতিনা ভোলের পটকার আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে।

বিশেষ করে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এর পটকা উচ্চ দামে বিক্রি হয়। ওষুধ ও সার্জিক্যাল সুতা তৈরিতেও এর ব্যবহার হয় বলে জানান তিনি।