জাতীয়

‘১০০ ব্যাগ মাটি ফেলে ৩০০ ব্যাগের টাকা নিত আগের সরকার’

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘আগের সরকার ১০০ ব্যাগ মাটি ফেলে ৩০০ ব্যাগের টাকা নিত। কিন্তু তারেক রহমানের সরকারের সময়ে তা হবে না।

’ শনিবার (৮ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের চর রাজিবপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এ কথা বলেন। এ সময় তিনি ভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির কথা শোনেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘আগের সরকারের সময়ে নদীভাঙন প্রতিরোধের কাজে অনিয়ম হয়েছে। ১০০ ব্যাগ মাটি ফেলে ৩০০ ব্যাগের টাকা নেওয়া হয়েছে।

কিন্তু বর্তমান সরকারের সময়ে এ ধরনের অনিয়ম ও দুর্নীতি হতে দেওয়া হবে না।’
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের একটি টাকাও অপচয় কিংবা দুর্নীতি করতে দেওয়া হবে না। নদীভাঙন প্রতিরোধে সরকারি অর্থ যথাযথভাবে ব্যয় করা হবে এবং কাজের মান নিশ্চিত করা হবে।’

এ সময় স্থানীয়রা জানায়, প্রতিবছর নদীভাঙনে নতুন নতুন এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অনেক পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ছে। তাদের দাবি, সাময়িক ব্যবস্থা নয়, নদীভাঙনরোধে দীর্ঘমেয়াদি ও টেকসই নদীশাসন ব্যবস্থা নিতে হবে।
পরিদর্শনকালে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এইচ এ মাহবুব সালেহী, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, রাজিবপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. সায়েকুল হাসান খান, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, সদস্যসচিব আব্দুল হাই সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম মাহমুদ লিখন, ভারপ্রাপ্ত সদস্যসচিব মিজানুর রহমান লিমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমান, সদস্যসচিব নাজমুল মাহমুদ, রাজিবপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আকিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।