জাতীয়

খোকসায় পরিচয় দিতেই বিএনপি নেতাকে গুলি, ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক৬ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নিজের পরিচয় দেওয়ার পরই কুষ্টিয়ার খোকসা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার মেয়র প্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।

স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা আতঙ্ক সৃষ্টি করতে গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খোকসা থানাপাড়া এলাকায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

 

 

আহতের পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজু তার দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। নিজ বাড়ির গেটে পৌঁছালে অজ্ঞাত পাঁচজন তার পরিচয় নিশ্চিত হয়েই অতর্কিত হামলা চালায়।

সন্ত্রাসীরা তাকে চাপাতি ও লোহার হাতুড়ি (হ্যামার) দিয়ে বেধড়ক পেটাতে থাকে। চাপাতির আঘাতে তার পায়ের নিচের অংশ মারাত্মক জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাত লাগে।
এ সময় রাজুর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টি করতে ১৬ থেকে ১৭ রাউন্ড গুলিবর্ষণ ও তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টার দিকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাফিজ আহমেদ রাজু বলেন, বাড়ির গেটের সামনে অপরিচিত লোক দেখে পরিচয় জানতে চাইলে তারা উল্টো আমার পরিচয় নিশ্চিত হয়েই চাপাতি ও লোহার রড-হাতুড়ি নিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। চিৎকার শুনে স্বজনেরা ছুটে এলে তারা একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়ে পালিয়ে যায়।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা বিএনপি নেতার ওপর হামলা ও গুলি করে পালিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।