জাতীয়

৪০০ কোটি টাকা আত্মসাৎ জামায়াতের সাবেক উপজেলা আমির কারাগারে

নিউজ ডেস্ক৫ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে করা সাতটি মামলায় সাবেক উপজেলা আমির মো. আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে ওই দিন সন্ধ্যায় তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হলে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার হওয়া মো. আব্দুল ওয়াহেদ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক এবং মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির।

র‌্যাব সূত্র জানায়, আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় করা প্রতারণা ও অর্থ আত্মসাতের একাধিক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলায় আল-আকাবা বহুমুখী সমবায় সমিতিসহ বেশ কয়েকটি সমবায় সমিতি অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় দেড় হাজার কোটি টাকা সংগ্রহের পর সমবায় সমিতি আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা একাধিক মামলা করেন। আমানতের টাকা ফেরতের দাবিতে তারা বিভিন্ন সময় আন্দোলনও করে আসছেন।

জামালপুর জেলা জামায়াতের আমির আব্দুস সাত্তার বলেন, তার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই।

তাকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘র‌্যাব গ্রেপ্তারের পর আসামিকে থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’