জাতীয়

বিদ্যালয়ের পথে ছাত্রীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যালয়ে যাতায়াতের পথে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে ইসমাইল খান (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া খানপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ইসমাইল ওই গ্রামের কিতাব খানের ছেলে।

পুলিশ জানায়, ইসমাইল তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে প্রায়ই গেড়ামাড়া গোহাইলবাড়ি সবুজসেনা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন। গত রবিবার বিদ্যালয় চলাকালে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ের সড়কে রেস করার পাশাপাশি ছাত্রীদের উত্ত্যক্ত করেন তিনি।

এ সময় স্থানীয় কয়েকজন বিষয়টি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে ভুক্তভোগী এক ছাত্রীর মা সোমবার সকালে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন। 

অভিযোগের ভিত্তিতে সোমবার গভীর রাতে ইসমাইলকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘উত্ত্যক্ত করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগী এক ছাত্রীর মা থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে।