জাতীয়

নদীতে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক১ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর ইছামতী নদী থেকে জেলে পিয়ার আলী গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত জেলে পিয়ার আলী গাজী (৮৪) উপজেলার বসন্তপুর গ্রামের মৃত সফেদ আলী গাজীর ছেলে।

শুক্রবার রাত ১১টার পর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদী ইছামতীর খারহাট নামকস্থানের সংযোগ খাল আশাকুড়ির দক্ষিণ পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

 

মৃতের ছেলে আব্দুস সবুর জানান, গত বৃহস্পতিবার দুপুর দুটোর দিকে তার বাবা সীমান্তবর্তী কালিন্দি নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তিনি নদীতে পড়ে ভেসে যান। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সিভিল ডিফেন্সের সদস্য, পুলিশ ও বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করতে পারেনি।

তবে রাত ১১টা ২০ মিনিটে এক জেলে মাছ ধরার সময় টর্চের আলোতে বাবার মরদেহ দেখতে পেয়ে মুঠোফোনে খবর দেন। বিষয়টি পুলিশকে অবহিত করলে ট্রলার নিয়ে ইছামতী নদীর খারহাট নামক স্থানের আশাকুড়ি খালের দক্ষিণ পাশ থেকে বাবার মরদেহ উদ্ধার করা হয়।

 

তিনি বলেন, বিষয়টি পুলিশ, বিজিবি ও ফায়ার সিভিল ডিফেন্সকে অবহিত করে বাবার মরদেহ বাড়িতে আনা হয়। শনিবার সকাল ১০ টায় বাড়ির উঠানে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, কারো কোন আপত্তি না থাকায় বৃদ্ধ জেলে পিয়ার আলীর মরদেহ রাতেই তার স্বজনদের কাছে দিয়ে দেওয়া হয়েছে।