সিল্কসিটিনিউজ ডেস্ক:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা বালুভর্তি দুটি ট্রলার অস্ত্রের মুখে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বালু ব্যবসায়ী ও তার সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার উচাখিলা ইউনিয়নের বটতলা বালুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উচাখিলা মরিচারচর এলাকায় একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের অভিযোগের পর গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রহ্মপুত্র নদের বটতলা বালুর ঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি এবং ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি দুটি ট্রলার জব্দ করা হয়।
পরে আইনি প্রক্রিয়া ও নিলামের সুবিধার্থে ট্রলার দুটি নদীপথে পার্শ্ববর্তী রাজিবপুর ইউনিয়নের চর রামমোহন এলাকায় নিয়ে স্থানীয় বাসিন্দা উবায়দুর রহমানের (৪৫) জিম্মায় রাখা হয়।
অভিযোগ রয়েছে, প্রশাসনের সদস্যরা চলে যাওয়ার পর মরিচারচর গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে ও স্থানীয় বালু ব্যবসায়ী মোখলেছুর রহমানের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন দেশীয় অস্ত্রধারী সেখানে গিয়ে জিম্মাদার উবায়দুর রহমানকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখায়। পরে তারা জব্দ করা বালুভর্তি দুটি ট্রলার ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় উচাখিলা ও রাজিবপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের জব্দ করা সম্পদ প্রকাশ্যে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে পারবেন না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিনা রহমানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
তবে ইউএনও সানজিনা রহমানের সরকারি মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।









