জাতীয়

বংশাই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৫ ঘণ্টা পর ইসমাইল হোসেন (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা ঘাট এলাকার অদূরে মরদেহটি ভেসে উঠলে পরিবারের সদস্যরা তা উদ্ধার করেন।

নিহত ইসমাইল হোসেন গাজীপুরের কোনাবাড়ি এলাকার আমবাগ গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল শনিবার গাজীপুরের কোনাবাড়ী এলাকার বাগিয়া নদীর ঘাট থেকে ৭০ থেকে ৮০ জন নৌভ্রমণে মির্জাপুরে আসেন। বিকেল ৪টার দিকে ইসমাইল সহপাঠীদের সঙ্গে বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি।

পরে সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। রবিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়।
মির্জাপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার এরশাদ হোসেন জানান, দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানের মধ্যেই বিকেল পৌনে ৬টার দিকে হাটুভাঙ্গা ঘাট থেকে কিছু দূরে ইসমাইলের মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।