জাতীয়

ব্রহ্মপুত্র নদে ভেসে এলো কফিন, এলাকায় কৌতূহল

নিউজ ডেস্ক২০ জুলাই ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদীতে ভেসে আসে একটি কফিন। নদীতে কফিন ভেসে আসতে দেখে এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর (টানমলামারি) গ্রামের ব্রহ্মপুত্র নদীতে কফিনটি ভেসে ওঠে। পরে স্থানীয় যুবক আব্দুল আউয়াল (৩৫) কফিনটি নদী থেকে ডাঙায় তুলে আনেন। তবে কফিনটিতে কিছুই ছিল না। খালি কফিনটি নিজের বাড়িতেও নিয়ে গিয়েছিলেন তিনি।

পরে এলাকার লোকজনের পরামর্শে কফিনটি ফের নদীতে ভাসিয়ে দেন আব্দুল আউয়াল।
আব্দুল আউয়াল বলেন, প্রথমে না বুঝে কফিন বাড়িতে এনেছিলাম। পরে এলাকাবাসীর পরামর্শে কফিনটি ফের নদীতে ভাসিয়ে দিয়েছি।

প্রত্যক্ষদর্শী ইব্রাহীম খলিল, মোজাম্মেল হক ও ফারুক হোসেন বলেন, আমাদের ধারণা উজানের ময়মনসিংহ-জামালপুরের দিক থেকে স্রোতে কফিনটি ভেসে এসেছে।

এমনও হতে পারে দেশে চলমান বন্যা পরিস্থিতিতে নিহত কোনো ব্যক্তির মরদেহ দাফন করতে না পেরে লাশ কফিনে ভরে ভাসিয়ে দিয়েছিল। পরে প্রবল স্রোতে লাশ ও কফিন ভিন্নদিকে প্রবাহিত হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, প্রথমে বিষয়টি দেখে আমরা কিছুটা আতঙ্কিত ছিলাম। তবে কফিনের ভেতর কিছু পাওয়া যায়নি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল আজম বলেন, এ সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধি এবং বাসিন্দাদের কেউ পুলিশকে জানায়নি।

শুনেছি একটি কফিন নদীতে ভেসে এসেছিল। পরে স্থানীয়রা কফিনটি আবার নদীতে ভাসিয়ে দিলে অন্যত্র চলে যায়।