সিল্কসিটিনিউজ ডেস্ক:
সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়।
পাউবোর তথ্য অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার পরিমাপ অনুযায়ী ছাতক পয়েন্টে নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৮.৮৫ মিটার, যা নির্ধারিত বিপৎসীমা ৮.৭০ মিটার থেকে ০.১৫ মিটার (১৫ সেন্টিমিটার) বেশি।

রবিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টায় ছাতক পয়েন্টে পানির উচ্চতা ছিল ৮.৭২ মিটার। সোমবার সকাল ৬টায় তা বেড়ে ৮.৮৩ মিটার এবং সকাল ৯টায় আরো বৃদ্ধি পেয়ে ৮.৮৫ মিটারে পৌঁছায়। একই সময়ে ছাতক এলাকায় গত ২৪ ঘণ্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।









