জাতীয়

বাসচাপায় নিহত একই গ্রামের তিনজনকে শেষ বিদায়

নিউজ ডেস্ক১২ জুলাই ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত একই গ্রামের তিনজনকে চোখের জলে শেষ বিদায় জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

রবিবার (১২ জুলাই) সকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

নিহতরা হলেন জয়নাল মিয়া (৩০), ওবায়দুল শেখ (৪৫) ও আরিফ মিয়া (৪২)।

জানাজায় গ্রামের মানুষ, স্বজন ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। স্বজনদের কান্নায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।

প্রবল বৃষ্টি উপেক্ষা করে জানাজায় অংশ নেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

তিনি নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের জন্য দোয়া করেন।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় ভাঙ্গার সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ডিমবোঝাই একটি ট্রাক দাড়িয়ে ছিল। ট্রাকটির পাশে কয়েকজন স্থানীয় ব্যক্তি ছিলেন। এ সময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।

ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এর মধ্যে তিনজন ছিলেন সুয়াদী গ্রামের বাসিন্দা। অপর দুইজন হলেন নগরকান্দা উপজেলার হাফিজুল মাতুব্বর (২৮) এবং ভাঙ্গা হাইওয়ে থানার রেকার গাড়ির সহকারী জালাল খান (৩৬)।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী চারটি বাসে আগুন দেন এবং সড়ক অবরোধ করেন। পরে প্রশাসন ও স্থানীয় নেতাদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।