জাতীয়

সিলেট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

নিউজ ডেস্ক৯ জুলাই ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, সদস্যদের তাৎক্ষণিক অবস্থানের কারণে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পুশইনের চেষ্টা সফল করতে পারেনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থান নিলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। এরপর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ‘কালাইরাগ সীমান্তের শূন্যরেখা থেকে ২০ থেকে ২৫ গজ বাংলাদেশের ভেতরে সাতজনকে এনে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবির সদস্যরা তা প্রতিহত করেছেন।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকে ঘটনাটি নিয়ে আলোচনা করা হবে।

’
এদিকে সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই সাতজন সীমান্ত এলাকাতেই অবস্থান করছিলেন বলে জানিয়েছে বিজিবি।