সিল্কসিটিনিউজ ডেস্ক:
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে টানা ভারি বর্ষণ, আকস্মিক বন্যা ও পাহাড়ধসে গত ৪ জুলাই থেকে আজ ৭ জুলাই (মঙ্গলবার) সকাল পর্যন্ত অন্তত ১০ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
চার দিনের টানা বৃষ্টিতে ক্যাম্পের অভ্যন্তরে অন্তত ১৬০টি ছোট-বড় দুর্যোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫২টি স্থানে পাহাড়ধস, ১৪টি এলাকায় আকস্মিক বন্যা এবং ৮৩টি স্থানে ঝোড়ো হাওয়ায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

দুর্যোগের কারণে ক্যাম্পের ১ হাজার ৬১৪টি আশ্রয়স্থল (ঘর) আংশিক এবং ১০টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এতে সব মিলিয়ে প্রায় ১৫ হাজার ৮১৩ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩ হাজার ১৮২ জন সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়ে পড়েছে।
মানবিক সংস্থাগুলো বাস্তুচ্যুতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পাশাপাশি জরুরি খাদ্য, চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা এই অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নিচু এলাকাগুলোতে নতুন করে পাহাড়ধস ও বন্যার আশঙ্কা রয়েছে।









