পাবনা

ঈশ্বরদীতে ডিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৭

নিউজ ডেস্ক৫ জুলাই ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের মাদক সেবনের প্রমাণও পাওয়া গেছে।

শনিবার (৪ জুলাই) দিবাগত মধ্যরাতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারের এনসিডিপি গোয়ার্স মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (৫ জুলাই) বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানায় জেলা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইকবাল হোসেন ইমন (৩১), মো. নাজমুল হাসান (৩০), সজীব (২৭), মো. তুষার ইমরান (৩৩), মো. জনি ইসলাম (৩০), মো. রতন ইসলাম (১৯) এবং মো. সাজাদুর রহমান (২১)।

সংবাদ ব্রিফিংয়ে পুলিশ জানায়, মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই মার্কেটে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের একটি চৌকির নিচ থেকে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৭ দশমিক ৬৫ মিলিমিটারের পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি ইকবাল হোসেন ইমনের হেফাজতে ছিল। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রটি চৌকির নিচে লুকিয়ে রাখেন। তবে অস্ত্রটির কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেননি।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, গ্রেপ্তারের পর আসামিদের মাদক পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।