সিল্কসিটিনিউজ ডেস্ক:
দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, নির্যাতন, হামলা-মামলা এবং জুলাইযোদ্ধাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এই অর্জন ধরে রাখতে হলে দল-মত-ধর্ম-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ফরিদপুরে ‘নাগরিক আলোচনা ও বিজয়ের বর্ষপূর্তি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ছেড়ে বন-জঙ্গলে, আদালতের বারান্দায়, এমনকি গাছতলায় দিন কাটাতে হয়েছে। অসংখ্য নেতাকর্মী কারাগারে ছিলেন, হাজার হাজার মানুষ রাজনৈতিক হয়রানির শিকার হয়েছে। সেই কঠিন সময় অতিক্রম করেই আজকের এই অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে।
শামা ওবায়েদ বলেন, ‘জুলাইযোদ্ধাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা একই মঞ্চে দাঁড়িয়ে গণতন্ত্রের কথা বলতে পারছি। যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, জাতি তাদের কাছে ঋণী। সরকার তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে কাজ শুরু করেছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে দেশে নতুন রাজনৈতিক বাস্তবতার সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন পর মানুষ স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পেয়েছে। কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত কিংবা ব্যক্তিস্বার্থের কারণে আন্দোলনের ১৭ বছরের অর্জন যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’
শামা ওবায়েদ বলেন, ‘সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও অপরাধ নির্মূল না হলে গণতন্ত্রের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না। তাই রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় নেতৃত্বকেও এ বিষয়ে কার্যকর ভূমিকা পালন করতে হবে।’









