রাজশাহী

চারঘাটের প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল রানা পুঠিয়ায় গ্রেপ্তার

নিউজ ডেস্ক৩০ জুন ২০২৬১ মিনিট পড়া

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট থানায় দায়ের করা প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুঠিয়া থানা পুলিশ।

সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ১১টায় পুঠিয়া উপজেলার নামাজগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া জুয়েল রানা বানেশ্বর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি পুঠিয়া উপজেলার নামাজগ্রাম এলাকার বাসিন্দা। তার বাবা আবুল কালাম আজাদ।

পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট থানার এফআইআর নং-১৮/৩৮৪, তারিখ ১৪ অক্টোবর ২০১৮; জিআর নং-৩৮৪/১৮ মামলায় জুয়েল রানা ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তার বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০-এর ৪১৯, ৪২০, ৩৮৫ ও ১০৯ ধারায় মামলা রয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, তার বিরুদ্ধে প্রতারণা, পরিচয় গোপন করে জালিয়াতি, চাঁদাবাজি এবং অপরাধে সহায়তার অভিযোগ রয়েছে।

দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুঠিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম (ওসি) বলেন, ‘চারঘাট থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।