নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মোহনপুর থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ৩৮৭ পিস ইয়াবা এবং ৯৩ হাজার টাকা জাল নোট ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-৫
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২৮ জুন ২০২৬ তারিখ রাত্র-১৯.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসির গোয়েন্দা দল জানতে পারে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন হরিদাগাছি মোজাস্থ কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেট এর দ্বিতীয় তলায় এক বা একাধিক মাদক ব্যবসায়ী নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল রাজশাহী জেলার মোহনপুর থানাধীন হরিদাগাছি মোজাস্থ কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেট এর দ্বিতীয় তলায় জনৈক মোঃ শহীদুল্লাহ এর লাল গোলাপ সমবায় সমিতি লিঃ এর অফিস কক্ষে অভিযান পরিচালনা করে ইয়াবা এবং জাল টাকা সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ নায়েব আলী (৪৩)’কে গ্রেফতার করে এবং পলাতক আসামী ২। মোঃ শহীদুল্লাহ (রাজু) (৫৫) পালিয়ে যায়। এ সময় ধৃত আসামীর কাছে হেফাজতে থাকা ৩৮৭ পিস ইয়াবা এবং জালনোট ৯৩ হাজার টাকা নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
উক্ত আটককৃত ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা এবং জালনোট সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারী মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল।
মাদক কারবারীর বিরুদ্ধে মোহনপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।









