সদ্য প্রকাশিত
খেলা

হ্যারি কেইন, ডেকলান রাইস নাকি বেলিংহাম— ইংল্যান্ডের ড্রেসিংরুমের নেতৃত্ব কার হাতে?

নিউজ ডেস্ক১৬ জুন ২০২৬৫ মিনিট পড়া
হ্যারি কেইন, ডেকলান রাইস নাকি বেলিংহাম— ইংল্যান্ডের ড্রেসিংরুমের নেতৃত্ব কার হাতে?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউরো ২০২৪-এ ইংল্যান্ড ফাইনালে পৌঁছালেও দলের অভ্যন্তরীণ পরিবেশ যে আদর্শ ছিল না, তা এখন আর কোনো গোপনীয় বিষয় না। দীর্ঘদিন ধরে বিষয়টি ফিসফিস করে আলোচনা হলেও সম্প্রতি জুড বেলিংহাম প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছেন যে জার্মানিতে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে দলের মধ্যে প্রত্যাশিত যোগাযোগ ও ঐক্য ছিল না।

এফএর ‘লায়ন্স ডেন’ অনুষ্ঠানে বেলিংহাম বলেন, ইউরোতে আমরা মাঠের বাইরের কিছু বিষয় ঠিকভাবে সামলাতে পারিনি। বিভিন্ন কারণে দল হিসেবে আমরা যতটা সংযুক্ত থাকতে পারতাম, ততটা ছিলাম না।

এ উপলব্ধিই নতুন ইংল্যান্ড কোচ থমাস টুখেলের কাজের ভিত্তি হয়ে উঠেছে। দায়িত্ব নেওয়ার পর তিনি খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে বুঝতে পারেন, ইউরো ২০২৪-এ দলের ভেতরের পরিবেশ কতটা সমস্যাগ্রস্ত ছিল। তাই শুরু থেকেই তিনি দলের মধ্যে ‘ব্রাদারহুড’ বা ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার ওপর জোর দেন।

নেতৃত্ব সংকটের প্রভাব

টুখেল জানেন, কোচিং স্টাফ যতই চেষ্টা করুক না কেন, ড্রেসিংরুমের সংস্কৃতি গড়ে তুলতে মূল ভূমিকা নিতে হবে সিনিয়র খেলোয়াড়দের। আর ইউরো ২০২৪-এ সেই নেতৃত্বের ঘাটতি স্পষ্ট ছিল।

বেলিংহামের আগে এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন অধিনায়ক হ্যারি কেইন। ২০২৫ সালের মার্চে টুখেলের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পে কেইন স্বীকার করেন যে গ্যারেথ সাউথগেটের শেষ টুর্নামেন্টে ইংল্যান্ড ‘নেতৃত্বের দিক থেকে কিছুটা দুর্বল’ ছিল।

সাউথগেট জার্মানিতে জর্ডান হেন্ডারসন ও হ্যারি ম্যাগুয়ারকে দলে নেননি। কেইনের মতে, এ সিদ্ধান্তের প্রভাব মাঠের বাইরেও পড়েছিল।

কেন এত গুরুত্বপূর্ণ জর্ডান হেন্ডারসন?

টুখেলের প্রথম বড় সিদ্ধান্তগুলোর একটি ছিল হেন্ডারসনকে দলে ফেরানো। কারণ তিনি জানতেন, দলের ভেতরে হেন্ডারসনের প্রভাব কতটা গভীর।

কেইন বলেন, আমি ও হেন্ডারসন নেতৃত্বের ক্ষেত্রে একে অপরকে পরিপূরক করেন। কেইন বরাবরই উদাহরণ সৃষ্টি করে নেতৃত্ব দিতে অভ্যস্ত, অন্যদিকে হেন্ডারসন স্বভাবগতভাবেই বেশি সোচ্চার ও প্রভাবশালী।

দলের শৃঙ্খলা, মানদণ্ড এবং পেশাদারিত্ব বজায় রাখতে হেন্ডারসনের ভূমিকা অনন্য। তিনি কোনো নির্দেশ দিলে সতীর্থরা প্রশ্ন ছাড়াই তা মেনে নেন। টুখেলের কাছে এ কারণেই হেন্ডারসনের মূল্য অপরিসীম।

বেলিংহাম–হেন্ডারসন সম্পর্ক

বিশেষ করে জুড বেলিংহামের সঙ্গে হেন্ডারসনের সম্পর্ক ইংল্যান্ড শিবিরে আলাদা গুরুত্ব বহন করে।

ইংল্যান্ড দলে প্রথম আসার পর থেকেই বেলিংহাম হেন্ডারসনের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ইউরো ২০২০-এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমবার ইংল্যান্ডের হয়ে শুরু করার আগে হেন্ডারসনই বেলিংহামের হাতে তার প্রথম আন্তর্জাতিক ক্যাপ তুলে দিয়েছিলেন।

২০২২ বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে ম্যাচে বেলিংহামের অ্যাসিস্টে গোল করার পর দুজনের বিখ্যাত উদযাপনও সেই সম্পর্কের প্রতীক হয়ে আছে।

ইউরো ২০২৪-এ হেন্ডারসনের অনুপস্থিতি পুরো দলকেই প্রভাবিত করেছিল, তবে বেলিংহামের ওপর এর প্রভাব সম্ভবত সবচেয়ে বেশি পড়েছিল। কারণ তখন তিনি ক্যারিয়ারের সবচেয়ে বড় চাপ ও সমালোচনার মুখে ছিলেন, অথচ পাশে ছিলেন না তার সবচেয়ে বড় পরামর্শদাতা।

হেন্ডারসনও সবসময় প্রকাশ্যে বেলিংহামের পাশে দাঁড়িয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে বেলিংহাম দলে না থাকলেও তিনি তাকে ‘বিশ্বমানের খেলোয়াড় এবং বিশ্বমানের মানুষ’ বলে আখ্যা দেন। সম্প্রতি আবারও তিনি বলেন, বেলিংহ্যামই ইংল্যান্ড দলের ‘এক্স-ফ্যাক্টর’।

অন্যদিকে বেলিংহামও হেন্ডারসনকে নিয়ে গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন। তার মতে, হেন্ডারসন শুধু খেলোয়াড়দের হাসিখুশি রাখেন না, দলের মধ্যে সমস্যা সমাধান করেন, কোচের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন এবং সবার মানসিক সংযোগ অটুট রাখেন।

বেলিংহ্যাম এমনকি হেন্ডারসনকে ‘ফুটবলে দেখা সেরা মানুষ’ এবং ‘সম্ভবত সবচেয়ে বড় নেতা’ বলেও অভিহিত করেছেন।

নতুন নেতৃত্বের উত্থান: কেইন ও রাইস

তবে ইংল্যান্ডের নেতৃত্বের গল্প শুধু হেন্ডারসনকে ঘিরে নয়। টুখেলের সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে—হ্যারি কেইন এবং ডেকলান রাইসের নেতৃত্ব আরও শক্তিশালী হয়ে উঠেছে।

এটি কেইনের অধিনায়ক হিসেবে পঞ্চম বড় টুর্নামেন্ট এবং তৃতীয় বিশ্বকাপ। দীর্ঘদিন ধরেই তিনি দলের মুখ, তবে অতীতে তিনি হেন্ডারসনের মতো উচ্চকণ্ঠ নেতা ছিলেন না।

টুখেলের অধীনে সেই চিত্র বদলাতে শুরু করেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে বেলগ্রেডে ইংল্যান্ডের ৫-০ ব্যবধানে জয়ের পর কেইন নিজেই ডিজেড স্পেন্সকে ইংল্যান্ড লিগ্যাসি ক্যাপ প্রদান করেন এবং আবেগঘন বক্তব্য দেন। পরে বিশ্বকাপ নিশ্চিত করার পর রিগায় ড্রেসিংরুমে তরুণ খেলোয়াড়দের উদ্দেশে অনুপ্রেরণামূলক ভাষণও দেন তিনি।

একই সময়ে ডেকলান রাইসও নেতৃত্বের ভূমিকায় আরও দৃশ্যমান হয়ে ওঠেন।

এটি রাইসের চতুর্থ বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। তিনি এখন আর তরুণ খেলোয়াড় নন; বরং অভিজ্ঞদের একজন। দলের নতুন ও পুরোনো প্রজন্মের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

রাইস নিজেই বলেছেন, ইংল্যান্ড দলে এ অবস্থানে পৌঁছাতে আমার কয়েক বছর লেগেছে। এখন দুই প্রজন্মের মধ্যে যোগাযোগ তৈরি করতে পারাটা ভালো লাগছে।

হেন্ডারসনও রাইসের প্রশংসা করে বলেছেন, গত কয়েক বছরে রাইস অসাধারণভাবে পরিণত হয়েছে। মাঠে সে কী দিতে পারে সবাই জানে, কিন্তু মাঠের বাইরেও সে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

টুখেলের ‘ব্রাদারহুড’ কি সফল হচ্ছে?

গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরের আন্তর্জাতিক ক্যাম্পগুলোতেই মূলত নতুন ইংল্যান্ড দলের সংস্কৃতি ও পরিচয় গড়ে উঠেছে। কেইন ও রাইস নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন, আর হেন্ডারসন আর্মব্যান্ড ছাড়াই নেপথ্যের অধিনায়কের ভূমিকা পালন করছেন।

এখন পর্যন্ত লক্ষণ ইতিবাচক। দুই বছর আগের তুলনায় দলের পরিবেশ অনেক বেশি প্রাণবন্ত ও ঐক্যবদ্ধ বলে মনে হচ্ছে। বেলিংহামও এখন অনেক বেশি স্বচ্ছন্দ, দলমুখী এবং সম্পৃক্ত। কোস্টারিকার বিপক্ষে ম্যাচে তার পারফরম্যান্স ও সতীর্থদের সঙ্গে উদযাপন সেই পরিবর্তনেরই ইঙ্গিত দেয়।

টুখেল যে ঐক্য, নেতৃত্ব ও ‘ব্রাদারহুড’-এর সংস্কৃতি গড়ে তুলতে চেয়েছিলেন, তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে বলেই মনে হচ্ছে। তবে এ পরিবর্তনের প্রকৃত মূল্যায়ন হবে মাঠের ফলাফলে। বিশ্বকাপের মঞ্চেই জানা যাবে, ইংল্যান্ডের নতুন নেতৃত্ব কাঠামো কতটা সফল।