সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইংলিশ ক্লাব চেলসির কিংবদন্তি ফুটবলার ববি ট্যাম্বলিং মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
১৯৫৯ থেকে ১৯৭০ সালের মধ্যে চেলসির হয়ে ৩৭০ ম্যাচে ২০২ গোল করেছিলেন ট্যাম্বলিং। ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার এই রেকর্ড তিনি চার দশকেরও বেশি সময় ধরে ধরে রেখেছিলেন। অবশেষে ২০১৩ সালে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড তার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন।

ল্যাম্পার্ড রেকর্ডটি নিজের করে নেয়ার পর ট্যাম্বলিং মজার ছলে বলেছিলেন, ‘গত কয়েক বছরে আমাদের মধ্যে বেশ ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল।
কারণ আমরা দুজনই জানতাম, একদিন না একদিন এই দিনটি আসবেই।’
তিনি আরো বলেছিলেন, “আমি সবসময় ফ্র্যাঙ্ককে বলতাম, ‘চলো ফ্র্যাঙ্ক, তাড়াতাড়ি করো।’ আর আমার সঙ্গী মজা করে বলতেন, ‘ফ্র্যাঙ্ক, আর কোনো পেনাল্টি নিও না।”
তবে একটি রেকর্ড এখনো ট্যাম্বলিংয়ের দখলেই রয়েছে।
১৯৬৬ সালে অ্যাস্টন ভিলার বিপক্ষে এক ম্যাচে পাঁচ গোল করে তিনি চেলসির হয়ে এক ম্যাচে সর্বাধিক গোলের কীর্তি গড়েছিলেন।
মাত্র ১৭ বছর বয়সে চেলসির জার্সিতে অভিষেক হয় তার। ১৯৬৫ সালের ফুটবল লিগ কাপ ফাইনালে লেস্টার সিটি এবং ১৯৬৭ সালের এফএ কাপ ফাইনালে টটেনহ্যামের বিপক্ষেও গোল করেছিলেন তিনি।
চেলসির হয়ে দুর্দান্ত সময় কাটানোর পরও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ট্যাম্বলিং। ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলেও জায়গা হয়নি তার।
চেলসি ছাড়ার পর তিনি লন্ডনের আরেক ক্লাব ক্রিস্টাল প্যালেসে খেলেন। পরে আয়ারল্যান্ডে ক্যারিয়ার শেষ করে অবসরের পর সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
আয়ারল্যান্ডের কর্ক শহরে বসতি গড়ে তিনি স্থানীয় বেশ কয়েকটি ক্লাবের কোচ ও ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। জীবনের শেষ সময়ে ট্যাম্বলিং ডিমেনশিয়া রোগে ভুগছিলেন।










