সিল্কসিটিনিউজ ডেস্ক :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. রাকিব (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার ভোগনগর ইউনিয়নের ছোট বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব উপজেলার সাদুল্লাপাড়া গ্রামের বাসিন্দা ও আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাকিব মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁও থেকে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। দুপুর আড়াইটার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের ছোট বটতলী এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী একটি প্রাইভেট কারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন রাকিব।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক প্রাইভেট কারটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।










