সিল্কসিটিনিউজ ডেস্ক :
ফরিদপুরে একই পরিবারের চারসদস্যের প্রাণ গেল সড়ক দুর্ঘটনায় । সেই সাথে প্রাণ হারিয়েছেন তাদের চালকও।
রবিবার (২৩ মে) সকাল ১০টার দিকে নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে বিআরটিসি বাস ও ওই অ্যাম্বুলেন্সটি মুখোমুখি সংঘর্ষে তাদের প্রাণ যায়।

নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের মৃত হাজী আব্দুল ওয়াহেদ মোল্যার ছেলে আলমগীর হোসেন (৫৮), তার স্ত্রী খুশি বেগম (৪৫) বড় ভাই জাহাঙ্গীর হোসেন (৬২) ও তার স্ত্রী মাজেদা বেগম (৫০)। এ ছাড়া মাদারীপুর সদর এলাকার শাহজাহান মাতুব্বরের ছেলে অ্যাম্বুলেন্স চালক কাউছার হোসেনও (২২) নিহত হন।
নিহত আলমগীরের ছোট ভাই জানান, মো. আলমগীর হোসেন (৫৮) নামে এক অসুস্থ রোগীকে সুচিকিৎসা দেওয়ার জন্য তার স্ত্রী, বড় ভাই ও বড় ভাইয়ের তার স্ত্রী একটি অ্যাম্বুলেন্সযোগে মাদারীপুর সদর থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
কিন্তু ফরিদপুর পৌছানোর আগেই পথে নগরকান্দার শংকরপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার পরিবারের চার সদস্যসহ অ্যাম্বুলেন্সের চালক নিহত হন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ কালের কণ্ঠকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।









