সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
খেলা

ইবোলার থাবায় বিশ্বকাপের আগেই বিপাকে ৫২ বছর পর বিশ্বকাপে আসা দল

নিউজ ডেস্ক২২ মে ২০২৬২ মিনিট পড়া
ইবোলার থাবায় বিশ্বকাপের আগেই বিপাকে ৫২ বছর পর বিশ্বকাপে আসা দল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইবোলার প্রকোপে বিশ্বকাপের আগেই বিপাকে পড়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) ফুটবল দল। দেশের পূর্বাঞ্চলে ইবোলা ছড়িয়ে পড়ায় রাজধানী কিনশাসায় তিন দিনের প্রস্তুতি শিবির এবং ভক্তদের বিদায় জানানোর অনুষ্ঠান বাতিল করতে হয়েছে।

দলের মুখপাত্র জেরি কালেমো এপিকে জানান, ‘প্রস্তুতির তিনটি ধাপ ছিল। প্রথমটি কিনশাসায় দর্শকদের বিদায় জানানো। দ্বিতীয়টি বেলজিয়াম ও স্পেনে ডেনমার্ক ও চিলির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ। তৃতীয়টি ১১ জুন থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টনে। শুধু কিনশাসার ধাপটিই বাতিল হয়েছে।’

৩ জুন বেলজিয়ামের লিয়েজে ডেনমার্কের বিপক্ষে এবং ৯ জুন স্পেনের দক্ষিণে চিলির বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি ঠিকঠাক হবে বলে জানিয়েছেন কালেমো।

দেশটিতে বুন্দিবুগইও নামের এক বিরল ধরনের ইবোলা ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ৬০০ জনের মধ্যে সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

ডিআরসির বেশিরভাগ খেলোয়াড় ও ফরাসি কোচ সেবাস্তিয়ান দেসাব্রে দেশের বাইরে থাকেন, বেশিরভাগই ফ্রান্সে খেলেন। দলের যেসব কর্মী কিনশাসায় ছিলেন তারাও ‘আগামী কয়েক ঘণ্টার মধ্যে চলে যাচ্ছেন’ বলে জানান কালেমো।

ফিফা জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ডিআরসি ফুটবল সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।

মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ঘোষণা দিয়েছে, গত তিন সপ্তাহে ডিআরসি, উগান্ডা ও দক্ষিণ সুদান ভ্রমণ করা বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ৩০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কঙ্গোর বিশ্বকাপ দল এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। কারণ তারা কয়েক সপ্তাহ ধরে ইউরোপে অনুশীলন করছেন। তবে যেসব কঙ্গোলিজ দলের সদস্য গত ২১ দিনে দেশে ফিরেছেন তাদের কোয়ারেন্টাইনের নিয়ম মানতে হবে। বিশ্বকাপ দেখতে যেতে চাওয়া কঙ্গোলিজ সমর্থকদের জন্য এই ছাড় প্রযোজ্য হবে না।

মেক্সিকোতে প্লে-অফ জিতে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ডিআরসি। গ্রুপ কে-তে তাদের প্রথম ম্যাচ ১৭ জুন হিউস্টনে পর্তুগালের বিপক্ষে। এরপর ২৩ জুন গুয়াদালাহারায় কলম্বিয়া এবং ২৭ জুন আটলান্টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা।

১৯৭৪ সালে জায়ার নামে বিশ্বকাপ খেলার পর এই প্রথম বিশ্বকাপে উঠেছে দেশটি, ৫০ বছরের বেশি সময় পর। এই যোগ্যতা অর্জনে সারা দেশে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। তবে দীর্ঘ সংঘাতে বিধ্বস্ত দেশটি এখন ইবোলার নতুন সংকটে।