নিজস্ব প্রতিবদেক :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর হাঁটু পানিতে নৌকা থেকে পড়ে গিয়ে আব্দুর রশিদ (৫৮) নামের এক মাঝি নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল সোয়া ৫টার দিকে যমুনা নদীর পূর্বপাড় উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া ইকোপার্কের কাছে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মাঝি নতুন মাইজবাড়ি গ্রামের জেন্দার আলীর ছেলে। তিনি ছোটবেলা থেকেই যমুনায় নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মোকলেছুর রহমান বলেন, সকালের ঝড়ে ঘাটে বাধা রশিদের নৌকা ক্ষতিগ্রস্ত হয়। বিকেলে ছেলেসহ আরো ৩ জনকে সঙ্গে নিয়ে ওই ক্ষতিগ্রস্ত নৌকা মেরামতের জন্যে ইকোপার্ক সংলগ্ন যমুনার পূর্বপাড়ের চরে নিয়ে যান।
সেখানে হাঁটু পানির মধ্যে নৌকা মাটির সঙ্গে আটকে যায়। নৌকা ধাক্কা দিয়ে পানিতে ভাসাতে রশিদ মিয়া নৌকার আটকে যাওয়া পাশে যান। পানি কম হলেও সেখানে অনেক স্রোত ছিল। ধারণা করা হচ্ছে, তিনি পানিতে পড়ে যান।
পরে আর উঠতে না পেরে স্রোতে ভেসে গেছেন। তাৎক্ষণিক সঙ্গে থাকা ছেলেসহ অন্যরা তাকে খোঁজাখুঁজি করেও পাননি।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রমহান বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে নিয়ে নদীতে খোঁজ করেও সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ মাঝিকে পাওয়া যায়নি। শুক্রবার সকালে আবারও উদ্ধার তৎপরতা চালানো হবে।









