সদ্য প্রকাশিত
খেলা

ইতালির প্রথম বিশ্বকাপ জয়, মুসোলিনির ফ্যাসিবাদী ক্ষমতার প্রদর্শনী

নিউজ ডেস্ক১৩ মে ২০২৬৪ মিনিট পড়া
ইতালির প্রথম বিশ্বকাপ জয়, মুসোলিনির ফ্যাসিবাদী ক্ষমতার প্রদর্শনী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রোম শহরের মানচিত্রে আজ আর খুঁজে পাওয়া যায় না স্টাডিও ন্যাশিওনালে দেল পিএনএফকে। একসময় ইতালির ফ্যাসিস্ট পার্টির গৌরবের প্রতীক ছিল যে স্টেডিয়াম, সেটি বহু আগেই ধ্বংসস্তূপে হারিয়ে গেছে।

কিন্তু ইতিহাসের ধুলো সরালে দেখা যায়, এখানেই লেখা হয়েছিল ইতালির প্রথম বিশ্বজয়ের কাহিনি, একটি ট্রফির গল্প, যার আড়ালে লুকিয়ে ছিল রাজনীতি, ভয় আর ক্ষমতার নগ্ন প্রদর্শন।
১৯৩৪ সালের ১০ জুন। দ্বিতীয় ফুটবল বিশ্বকাপের ফাইনাল। মাঠে মুখোমুখি ইতালি ও চেকোস্লোভাকিয়া।

কিন্তু এটি শুধু ফুটবলের লড়াই ছিল না; এটি ছিল ইতালির শাসক বেনিতো মুসোলিনির জন্য নিজের ফ্যাসিস্ট শক্তি বিশ্বকে দেখানোর এক সুবর্ণ মঞ্চ।
প্রচণ্ড গরমে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে মাঠে নামে দুই দল। গ্যালারিতে ৫৫ হাজার দর্শক। কেউ তখনও জানত না, বিশ্বকাপ ইতিহাসের প্রথম অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালের সাক্ষী হতে চলেছে তারা।

ইতালির কোচ ছিলেন কিংবদন্তি ভিত্তোরিও পোজো। পরে টানা দুই বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়েছিলেন তিনি। অন্যদিকে চেকোস্লোভাকিয়া পরিচিত ছিল তাদের শৈল্পিক ফুটবলের জন্য। মাঠে ছিল দুই ভিন্ন দর্শনের সংঘর্ষ।

বিশ্বকাপের প্রথম আসর লাতিন আমেরিকায় হওয়ায় দ্বিতীয় আসর ইউরোপে আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা।

আর স্বাগতিক হিসেবে বেছে নেওয়া হয় আজ্জুরিদের।
তবে ইতালির এই বিশ্বকাপ যাত্রা শুরু থেকেই বিতর্কে ঘেরা ছিল। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে দলগুলোকে বাছাইপর্ব পেরোতে হয়েছিল। এমনকি একমাত্র নজির হিসেবে স্বাগতিক ইতালিকেও এই বাধা পেরিয়ে মূলপর্বে আসতে হয়। মিলানের সান সিরোতে গ্রিসকে ৪-০ গোলে উড়িয়ে আজ্জুরিরা মূল পর্বে ওঠে। কিন্তু সেই ম্যাচ নিয়েই ওঠে প্রতারণার অভিযোগ।

অভিযোগ ছিল, ইতালি নিয়ম ভেঙে লুইস মন্তি, এনরিকে গুয়াইতা ও আনফিলগিনো গুয়ারিসিকে খেলিয়েছে। তারা আগে আর্জেন্টিনা ও ব্রাজিলের হয়ে খেললেও ইতালির হয়ে খেলার জন্য প্রয়োজনীয় সময় দেশটিতে বসবাস করেননি। অথচ ফিফা রহস্যজনকভাবে সবকিছু এড়িয়ে যায়।

বিতর্ক সেখানেই শেষ হয়নি। গ্রিসের মাঠে হওয়ার কথা ছিল ফিরতি লেগ। কিন্তু ম্যাচটি আর হয়নি। বহু বছর পরে জানা যায়, আর্থিক সংকটে থাকা গ্রিক ফুটবল ফেডারেশনকে এথেন্সে একটি দুইতলা বাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইতালি। বিনিময়ে গ্রিস বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়।

এর মধ্যে অনুপস্থিত ছিল আগের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। ১৯৩০ বিশ্বকাপে ইউরোপীয় দেশগুলোর অনাগ্রহে ক্ষুব্ধ হয়ে তারা ১৯৩৪ বিশ্বকাপ বয়কট করে। বিশ্বকাপ ইতিহাসে এটিই একমাত্র ঘটনা, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন শিরোপা রক্ষায় অংশ নেয়নি।

অন্যদিকে আগের আসরের রানার্সআপ আর্জেন্টিনা প্রথম রাউন্ডেই বিদায় নেয় সুইডেনের কাছে হেরে।

১৬ দলের সেই বিশ্বকাপ পুরোপুরি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল। কোনো গ্রুপ পর্ব ছিল না। ইতালি শুরুতেই যুক্তরাষ্ট্রকে ৭-১ গোলে বিধ্বস্ত করে। এরপর স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ড্র হলে রিপ্লে ম্যাচে ১-০ জিতে সেমিফাইনালে ওঠে। সেখানেও তারা হারায় শক্তিশালী অস্ট্রিয়াকে।

চেকোস্লোভাকিয়াও দুর্দান্ত খেলেছিল। রোমানিয়া, সুইজারল্যান্ড ও জার্মানিকে হারিয়ে তারা পৌঁছে যায় ফাইনালে।

ফাইনালের আগে দুই দলের ইতিহাসও ছিল সমানে সমান। আগের ১০ দেখায় দুই দলই জিতেছিল তিনটি করে ম্যাচ; বাকি চারটি ড্র।

তবে মাঠের বাইরের চাপ ছিল পুরোপুরি ইতালির ওপর। বিশ্বকাপ শুরুর আগে মুসোলিনি কোচ পোজ্জোকে স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘জয়ের দায়িত্ব তোমার। ব্যর্থ হলে… ঈশ্বরই তোমাকে রক্ষা করুন।’

খেলোয়াড়দের সামনেও নাকি তিনি গলা কাটার ইশারা করে বলেছিলেন—‘জিততেই হবে।’ ফ্যাসিস্ট শাসকের কাছে এটি কেবল ফুটবল ছিল না, এটি ছিল রাজনৈতিক প্রচারণা।

ফাইনালে প্রথমে এগিয়েছিল চেকোস্লোভাকিয়া। ৭১ মিনিটে গোল করেন অ্যান্টোনিন পাক। ইতালির সামনে তখন পরাজয়ের ছায়া।

কিন্তু ৮১ মিনিটে সমতা ফেরান রাইমুন্ডো অরসি। এরপর বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

৯৫ মিনিটে আসে সেই মুহূর্ত। ইতালির হয়ে জয়সূচক গোল করেন অ্যাঞ্জেলো শিয়াভিও। প্রচণ্ড ক্লান্তিতে গোলের পর মাঠেই প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি।

পরে আরও নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। শোনা যায়, ম্যাচের আগের রাতে সুইডিশ রেফারি ইভান একলিন্ড মুসোলিনির সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন। এমনকি প্রথমার্ধ শেষে ড্রেসিংরুমে ঢুকে মুসোলিনি নাকি খেলোয়াড়দের বলেছিলেন, রেফারি ‘সহযোগিতা’ করলেও অতিরিক্ত ফাউল না করতে।

শেষ পর্যন্ত ২-১ জয়ে প্রথমবারের মতো জুলে রিমে ট্রফি (বর্তমানে বিশ্বকাপ) জেতে ইতালি। সেই সঙ্গে মুসোলিনির বিশেষ আদেশে বানানো বিশাল ‘কোপা দেল দুচে’ ট্রফিও তুলে দেওয়া হয় দলটির হাতে। ব্যাপারটা এমন যে, বিশ্বজয়ের সঙ্গে ফ্যাসিবাদেরও জয় ঘোষণা করা হলো।

পরদিন ইতালির সংবাদপত্রগুলোও শিরোনামে ফুটবলের চেয়ে বেশি জায়গা দিয়েছিল মুসোলিনিকে। ‘দুচের উপস্থিতিতে আজ্জুরিদের বিশ্বজয়’—এমন শিরোনামেই ছাপা হয়েছিল ইতিহাস।

আর সেই ইতিহাসের অন্যতম অদ্ভুত চরিত্র হয়ে থাকেন মন্তি। বিশ্বকাপ ইতিহাসে তিনিই একমাত্র ফুটবলার, যিনি দুই ভিন্ন দেশের হয়ে দুটি বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। ১৯৩০ সালে আর্জেন্টিনার হয়ে হেরে যাওয়া সেই ফুটবলার, চার বছর পর ইতালির জার্সিতে অবশেষে ছুঁয়েছিলেন বিশ্বকাপের সোনালি স্বপ্ন।