সিল্কসিটিনিউজ ডেস্ক :
জয়রথ ছুটছে কালের কণ্ঠের। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) মিডিয়া কাপে ২-১ গোলে জাগো নিউজকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে ম্যাচের শুরু থেকে দাপট দেখায় কালের কণ্ঠ। তার ফলও হাতেনাতে পায় তারা।

ফ্রি কিক থেকে দলকে লিড এনে দেন মিরাজ। বিরতিতে যাওয়ার আগে জাগো নিউজকে আরেকবার ধাক্কা দেয় কালের কণ্ঠ।
বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোলটি করেন তৌকির৷ তাকে অ্যাসিস্ট করেন দেশের শীর্ষস্থানীয় দৈনিকটির ক্রীড়া সাংবাদিক ভানু গোপাল। বিরতির পরপরেই অবশ্য খেলায় ফেরার চেষ্টা করে জাগো।
এক গোল দিয়ে শিপন ব্যবধান কমালেও দলের হার এড়াতে পারেননি তিনি।
শেষ মুহূর্তে অবশ্য প্রায় গোল শোধই দিয়েছিল জাগো। তবে চমৎকার এক গোললাইন ক্লিয়ারেন্সে অবিশ্বাস্যভাবে বল বাইরে পাঠান তৌকির। নির্ধারিত ১৬ মিনিটের খেলায় পরে আর কোনো গোল না হলে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টানা দ্বিতীয় ম্যাচেও ম্যাচসেরা হন তিনি।
আগামীকাল কোয়ার্টার ফাইনালে কালের কণ্ঠের প্রতিপক্ষ কালবেলা।










