বগুড়া

বগুড়ায় খেজুরের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

নিউজ ডেস্ক২৮ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

বগুড়া শহরের জামিলনগর এলাকায় একটি খেজুরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের আজিজুল হক কলেজের সামনে অবস্থিত মেসার্স সায়েম ট্রেডার্সের ওই গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

স্থানীয় সূত্র জানা যায়, বিকেলে হঠাৎ করেই গুদামটিতে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বগুড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর থানার পুলিশ সদস্যরাও সেখানে অবস্থান করছেন। 

সায়েম ট্রেডার্সের স্বত্বাধিকারীর বড় ছেলে ডা. রায়হান জানান, বিদেশ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেজুর এনে এখানে রিপ্যাকিং বা বাছাই করে প্যাকেটজাত করা হতো। তিনি বলেন, ‘হাসপাতাল থেকে এসে বাসায় খাবার খাওয়ার সময় আম্মুর কাছে শুনি গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে।

এসে দেখি বৈদ্যুতিক স্পার্ক হচ্ছে।’ 

তিনি আরো জানান, গুদামের ছাদে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার খালি কার্টুন মজুত ছিল। ভেতরে থাকা এক কনটেইনারের বেশি আমদানিকৃত খেজুর ও দুটি প্যাকেজিং মেশিন আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া খেজুর পরিবহনের একটি পিকআপ ভ্যান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং অন্য একটি গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাৎক্ষণিকভাবে সঠিক হিসাব করা সম্ভব না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে জানা যাবে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো কিছু সময় লাগতে পারে।’