সিল্কসিটিনিউজ ডেস্ক :
এখন পর্যন্ত ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৫টি ম্যাচও হয়েছে সেখানে।
কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এখনো পর্যন্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) আয়োজনের সৌভাগ্য হয়নি এই মাঠের। অবশেষে এবার নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগের স্বাদ পাবেন সেখানকার দর্শকেরা।

রেকর্ড আটটি ভেন্যুতে হবে এবারের সিপিএল। ভেন্যুগুলোর তালিকায় জায়গা পেয়েছে সেন্ট ভিনসেন্ট। এ ছাড়াও খেলা হবে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, বার্বাডোজ, গায়ানা, জ্যামাইকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া এবং ত্রিনিদাদ ও টোবাগোয়।
সিপিএলের প্রধান নির্বাহী পিট রাসেল বলেছেন, ‘নতুন নতুন এলাকায় টুর্নামেন্টের সম্প্রসারণ আমাদের রূপকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ।
’
আগামী ৭ আগস্ট শুরু হবে সিপিএলের চতুর্দশ আসর। দুটি কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল হবে ১৬ থেকে ২০ সেপ্টেম্বর বার্বাডোজে।
এবারের সিপিএলে ফিরছে জ্যামাইকান ফ্র্যাঞ্চাইজি। জ্যামাইকা কিংসমেন দলের অভিষেক হবে এবার।
প্রথমবারের মতো তাই ৭টি দল নিয়ে হবে টুর্নামেন্ট।
টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি অবশ্য এখনো ঘোষণা করেনি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।










