সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ট্রাম্পের অধীনে থাকার চেয়ে ইরানের কাছেই মার্কিন পাইলটরা বেশি নিরাপদ!

নিউজ ডেস্ক৫ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
ট্রাম্পের অধীনে থাকার চেয়ে ইরানের কাছেই মার্কিন পাইলটরা বেশি নিরাপদ!

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরান ও আমেরিকার মধ্যকার চলমান যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে ইরানি কূটনীতিবিদদের সাম্প্রতিক এক মন্তব্য। নিখোঁজ এক মার্কিন যুদ্ধবিমান চালকের মায়ের আবেগঘন বার্তার জবাবে ইরানি দূতাবাসগুলো দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে থাকা অপেক্ষা ইরানের হেফাজতে থাকাই ওই পাইলটদের জন্য বেশি নিরাপদ।

গত শুক্রবার পৃথক দুটি ঘটনায় ইরান দুটি মার্কিন সামরিক বিমান ভূপাতিত করার দাবি করে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক মার্কিন নারী নিজের উদ্বেগের কথা জানিয়ে লেখেন, তাঁর ছেলে একজন ফাইটার পাইলট এবং ঘটনার পর থেকে তিনি ছেলের ইউনিটের পক্ষ থেকে কোনো খবর পাননি। তিনি নিখোঁজ পাইলটদের জন্য সবার প্রার্থনা কামনা করেন।

এই বার্তার প্রতিক্রিয়ায় পাকিস্তানে নিযুক্ত ইরানি দূতাবাস সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে আক্রমণাত্মক মন্তব্য করে। তারা জানায়, ডোনাল্ড ট্রাম্পের ভুল সিদ্ধান্তের কারণে মার্কিন সেনারা বেশি ঝুঁকির মুখে রয়েছে। এমনকি ইরানি কর্তৃপক্ষ দাবি করে, মার্কিন উদ্ধারকারী দল খুঁজে পাওয়ার চেয়ে ইরানের হাতে যুদ্ধবন্দি হিসেবে থাকাই ওই পাইলটের জন্য মঙ্গলজনক। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইরানি দূতাবাসও একই সুর মিলিয়ে জানায়, ইরান সভ্য দেশ হিসেবে যুদ্ধবন্দিদের মর্যাদা দিতে জানে এবং তাদের আচরণ পশ্চিমা দেশগুলোর মতো বর্বর নয়।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন