সিল্কসিটিনিউজ ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো “চুক্তি” না করলে অথবা হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের ওপর “দোজখের আগুন” নামিয়ে আনা হবে।
এই যুদ্ধ চলাকালীন ট্রাম্প এর আগেও বেশ কয়েকবার সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। গত ২৭শে মার্চ জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ রাখার যে ১০ দিনের ঘোষণা তিনি দিয়েছিলেন, আজকের এই ৪৮ ঘণ্টার আল্টিমেটাম মূলত সেই সময়সীমারই চূড়ান্ত পর্যায়।

২১শে মার্চ ট্রাম্প ঘোষণা করেন যে, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয়, তবে তিনি দেশটির বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা “নিশ্চিহ্ন” করে দেবেন।
২৩শে মার্চ তিনি সুর কিছুটা নরম করে জানান যে, দুই দেশের মধ্যে “খুব ভালো এবং ফলপ্রসূ আলোচনা” হয়েছে। সেই প্রেক্ষাপটে তিনি জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরণের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন।
এরপর ২৭শে মার্চ ট্রাম্প দাবি করেন যে, ইরান সরকারের অনুরোধের প্রেক্ষিতে তিনি তাদের জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা আরও ১০ দিনের জন্য স্থগিত রাখছেন। এই ঘোষণার ফলে নতুন সময়সীমা নির্ধারিত হয় ছয়ই এপ্রিল পর্যন্ত।
চৌঠা এপ্রিল ট্রাম্প তার সবশেষ দেওয়া সময়সীমারই পুনরাবৃত্তি করলেন। তিনি সাফ জানিয়ে দিলেন যে, ইরানের হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা সময় আছে, এরপরই তাদের ওপর “ভয়াবহ ধ্বংসযজ্ঞ” বা “জাহান্নাম” নেমে আসবে।
সূত্র: বিবিসি বাংলা










