নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী ১৮ ডিসেম্বর ২০২৫, প্রতিটি উপজেলায় প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়ান-স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা ও করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা বারোটায় এসডিডিবি প্রকল্পের আওতায় কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চল আয়োজিত এ মতবিনিময় সভা জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মনিরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিভিল সার্জন ডা. রাজিউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য।
মতবিনিময় সভায় প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়ান-স্টপ সলিউশন সেন্টার স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে সেন্টার পরিচালনায় সম্ভাব্য সমস্যা, করসংক্রান্ত জটিলতা এবং তা সমাধানে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী দিনে সমন্বিত সেবার মাধ্যমে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে এ ধরনের সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন বক্তারা।









