রাজশাহী

রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ে ‘হট্টগোল’ ম্যানেজিং কমিটি গঠনে ঘোষিত ‘নির্বাচনী তফসিল’ স্থগিতের দাবি

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য ঘোষিত ‘নির্বাচনী তফসিল’ স্থগিতের দাবি জানিয়ে বোয়ালিয়া থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪ টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস মোড়স্থ শিক্ষা অফিসে সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হামিমের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এ আবেদন জমা দেন।

শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাক্ষরসহ করা এ আবেদনে ভোটার তালিকা জালিয়াতির অভিযোগ তোলা হয়েছে। অভিযোগকারীদের দাবি, বিদ্যালয়ের ভর্তি রেজিস্টার অনুযায়ী শিক্ষার্থী সংখ্যা ১৬৪ জন হলেও প্রকাশিত ভোটার তালিকায় দেখানো হয়েছে ২২৮ জন। এ ছাড়া তালিকায় থাকা অনেক শিক্ষার্থীকে নিয়মিতরা চিনেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সুষ্ঠু তদন্ত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নির্বাচন স্থগিতের দাবি জানানো হয়। অভিযোগপত্রে শিক্ষক কর্মচারীদের পাশাপাশি বিদ্যালয়ে অধ্যয়নরত ৪৯ জন শিক্ষার্থীর স্বাক্ষর রয়েছে বলে জানা গেছে।

এদিকে নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষক মনোনয়নপত্র না তোলায় বৃহস্পতিবার বিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। শিক্ষকরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক নির্ধারিত সময়ের পর কয়েকজন শিক্ষককে ডেকে জোরপূর্বক মনোনয়নপত্রে স্বাক্ষর করাতে চেষ্টা করেন। এ ঘটনা জানাজানি হলে শিক্ষকদের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোল সৃষ্টি হয়। পরে প্রধান শিক্ষক আগেই বিদ্যালয় বন্ধ ঘোষণা করলেও শিক্ষক–কর্মচারীরা মাঠে অবস্থান নেন এবং গণস্বাক্ষর করেন।

উল্লেখ্য, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয় শহরের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।