নিজস্ব প্রতিবেদক:
গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন জয়নগর কলনঠিয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী শরিফকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। সে রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকার শফিকুল ইসলামের ছেলে। এসময় কার নিকট থেকেেএকটি বিদেশী পিস্তল ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরী ও জেলার কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী ও অজ্ঞাত গ্রুপ তাদের নিজের কাছে রক্ষিত অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে জনসাধারণের মাঝে ভয়ভীতি সঞ্চার ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। যা ইতিমধ্যেই মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় আধিপত্য বিস্তার, অন্ত কোন্দল, চাঁদাবাজি, ছিনতাইয়ের মত ঘটনাতেও প্রদর্শন ও গোলাগুলিতেও ব্যবহৃত হয়েছে। এ সমস্ত ঘটনার প্রেক্ষিতে র্যাব কর্তৃক এই দুষ্কৃতিকারী চক্রকে সর্বদাই ছায়া অনুসরণ ও পর্যবেক্ষণ করা হয়।

র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কথিত শীর্ষ সন্ত্রাসী শরীফুলের হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সে একটি সংঘবদ্ধ গ্রুপের সমন্বয়ে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। এ তথ্যের ভিত্তিতে তাকে দীর্ঘদিন যাবত র্যাব-৫ এর গোয়েন্দা দল কর্তৃক অনুসরণ করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকালে জেলার দুর্গাপুরের জয়নগর কলনঠিয়া এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী শরীফুল‘কে গ্রেফতার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে যা তার শ্বশুর বাড়ীতে লুকায়িত অবস্থায় আছে। পরবর্তীতে উক্ত বসতবাড়ীর খড়ের ঘরের ভিতরে মাটির নীচে ২ ফিট গভীরে পুতে রাখা অবস্থায় ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শীর্ষ সন্ত্রাসী শরীফুল ও তার চক্রের অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাব-৫ এর গোয়েন্দা নজরদারি ও তৎপরতা চলমান থাকবে।
স.আর









