সদ্য প্রকাশিত
খেলা

৬ বল, ৬ উইকেট ও দুই হ্যাটট্রিক

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
৬ বল, ৬ উইকেট ও দুই হ্যাটট্রিক

সিল্কসিটিনিউজ ডেস্কঃ     

ভদ্রলোকের খেলা ক্রিকেটে মাঝেমধ্যে এমন কিছু ঘটে যেটা সচরাচর দেখা যায় না। কিন্তু অস্ট্রেলিয়ার এক ক্লাব ক্রিকেটে এমন কীর্তি হলো যেটা অচিন্তনীয়। ৬ ডেলিভারিতে ৬ উইকেট- মানে এক ওভারেই দুটি হ্যাটট্রিক! টি-টোয়েন্টি, টেস্ট কিংবা ওয়ানডে- কোনও ফরম্যাটে কি এমনটা দেখা গেছে? অস্ট্রেলিয়ান এক ক্রিকেটার দেখালেন।

বালারাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক টুর্নামেন্টে ইস্ট বালারাতের বিপক্ষে গোল্ডেন পয়েন্টের হয়ে এমন অবিশ্বাস্য কীর্তি গড়লেন ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান বোলার অ্যালেড ক্যারে। আগের ৮ ওভারে কোনও উইকেট না পেলেও অধিনায়কের ডাকে নবম ওভার করতে যান তিনি। আর সেই ওভারেই দেখান মুগ্ধকর জাদু।

প্রথম ডেলিভারিতেই প্রথম স্লিপে ব্যাটসম্যানকে ক্যাচ তুলতে বাধ্য করেন। দ্বিতীয় বলেও প্রতিপক্ষ ব্যাটসম্যান ক্যাচ দেন উইকেটরক্ষককে। এর পর ব্যাটসম্যানকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিকের আনন্দ উদযাপন করেন ক্যারে। কিন্তু ওখানেই তার উচ্ছ্বাস ফুরিয়ে যায়নি। পরের ব্যাটসম্যানকে সরাসরি বোল্ড করেন এ অস্ট্রেলিয়ান। বাকি দুই ডেলিভারিতেও একই ভাবে উইকটে নেন ক্যারে। দুই হ্যাটট্রিক করেছেন এক ওভারে কোনও রান না দিয়ে।

নিজের এ পারফরম্যান্সকে বিশ্বাসই হওয়ার কথা নয় ক্যারের, ‘আমার জীবনে সম্ভবত তিন বা চারবার হ্যাটট্রিকের খুব কাছে ছিলাম। কিন্তু কখনও তৃতীয় উইকেট পাওয়ার ভাগ্য হয়নি। আমি এখনও বিস্ময়ে বিমুঢ়। এ ধরনের ঘটনা আপনি খুব বেশি দেখতে পাবেন না। আজ আমার সৌভাগ্যের দিন। মনে হয় না আবার এটা করতে পারব।’

গোল্ডেন পয়েন্টের জন্য ওই উইকেটটি ছিল ৭ বলে সপ্তম উইকেট। ক্যারে ওভার শুরু করার আগে তার সতীর্থ মার্ক ভ্যান ডে হুয়েভলহ্যাড শেষ বলে একটি উইকেট পান। ইস্ট বালারাত গুটিয়ে যায় মাত্র ৪০ রানে।

সূত্র- দ্য নিউজ