সিল্কসিটিনিউজ ডেস্ক:
নিষিদ্ধ যৌনতা আর অভিনব চাঁদাবাজির এই ঘটনা পুরো থাইল্যান্ড কাঁপিয়ে দিয়েছে।

এক সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, বৌদ্ধ ভিক্ষুরাও তাদের ব্রহ্মচর্যের ব্রত লঙ্ঘন করে ওই তরুণীর সঙ্গে যৌনতায় লিপ্ত হন। তরুণীর শয্যাসঙ্গী হওয়ার খেসারতও দিতে হয়েছে মোটা টাকার বিনিময়ে।
সামান্য সরকারি ভাতা ও জনগণের দানের ওপর নির্ভর করা বৌদ্ধ ভিক্ষুরা এই বিপুল টাকা পেতেন কোথা থেকে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রকাশিত হয়েছে আরো একটি কলঙ্কময় অধ্যায়। তরুণীর পকেটে ঢোকা ১৪৩ কোটি টাকার পুরোটাই এসেছে মঠের দানবাক্স ও অ্যাকাউন্ট থেকে। যৌনতৃপ্তির মূল্য চুকাতে মঠের উন্নয়ন প্রকল্পের জন্য জনগণের দানের টাকা নয়-ছয় করেছেন বৌদ্ধ সন্ন্যাসীরা, এমনটাই তদন্তে উঠে এসেছে।
আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর বিভিন্ন মঠের ৯ জন ভিক্ষুর থেকে গেরুয়া পোশাক পরার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বহিষ্কৃত সন্ন্যাসীদের কয়েকজন উচ্চপদস্থ ছিলেন বলে জানা গিয়েছে। সরকার আইন লঙ্ঘনকারী সন্ন্যাসীদের জরিমানাসহ জেলে পাঠানোর জন্য চাপ দিচ্ছে। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন।
বিরক্ত ও ক্ষুব্ধ রাজা নিজের আসন্ন ৭৩তম জন্মদিনের উৎসবে যোগদান করতে আসা ৮০ জনেরও বেশি সন্ন্যাসীর নিমন্ত্রণ বাতিল করে দিয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। ৮১ জন ভিক্ষুকে উচ্চতর উপাধি দেওয়ার যে রাজকীয় আদেশ জারি করেছিলেন তাও প্রত্যাহার করেছেন তিনি।
টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন উইলাওয়ানও। পুলিশের কাছে জানান যে, সন্ন্যাসীরা তাকে এক দিনেই ৯০ হাজার ডলার পর্যন্ত দিয়েছেন। সেই টাকা দিয়ে তিনি কেনাকাটা করেছেন। সন্ন্যাসীদের ভয় দেখিয়ে যে টাকা আদায় হতো তার বড় একটি অংশ দিয়ে ওই তরুণী অনলাইনে জুয়া খেলতেন বলে পুলিশ জানতে পেরেছে।
এই কেলেঙ্কারি জনসমক্ষে আসার ফলে বৌদ্ধধর্মের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, তারা সন্ন্যাসীদের নিয়মকানুন পর্যালোচনা করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করবে। থাইল্যান্ডে ৯০ শতাংশের বেশি মানুষ বৌদ্ধ। সেখানে ভিক্ষুরা অত্যন্ত সম্মানিত। কিন্তু ভিক্ষুদের এই অসদাচরণের বিরূপ প্রভাব দেখা দিয়েছে।
বৌদ্ধসঙ্ঘের নিয়মানুযায়ী সন্ন্যাসীরা ২২৭টি কঠোর নিয়ম মেনে চলেন। হস্তমৈথুন, নারীদের স্পর্শ, এমনকি তাদের কাছ থেকে সরাসরি জিনিসপত্র ধরাও নিষিদ্ধ ব্রহ্মচর্য পালনকারীদের। ভিক্ষুরা সাধারণত দান এবং মাসিক ১৭০ ডলারের সামান্য ভাতার ওপর নির্ভর করে জীবনযাপন করেন। এ ছাড়া বক্তৃতা, আশীর্বাদ এবং অনুষ্ঠানের জন্য সামান্য কিছু অর্থ পান তারা।










